এসপানিওলের বিপক্ষে নেই রিয়ালের রদ্রিগেস, দানিলো
আন্তর্জাতিক ফুটবল খেলতে গিয়ে চোট নিয়ে ক্লাবে ফিরেছেন রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেস ও দানিলো। এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না তারা।
কলম্বিয়ার প্লেমেকার রদ্রিগেস আর ব্রাজিলের ফুলব্যাক দানিলোর চোটের বিষয়টি রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানায়।
রদ্রিগেসের চোট ঊরুর মাংসপেশিতে, আর দানিলো চোট পান ডান পায়ে।
এই দুজনকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি রিয়াল। তবে স্পেনের সংবাদমাধ্যমের খবর, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাদের।
এসপানিওলের মাঠে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় খেলতে নামবে রিয়াল।
লা লিগায় নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে রিয়াল। দুই ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সংগ্রহ পুরো ৬ পয়েন্ট।
