সমর্থকদের বর্ণবাদী আচরণে ইউভেন্তুসের শাস্তি
নাপোলির বিপক্ষে গ্যালারির একটি অংশ ফাঁকা রাখতে হবে ইউভেন্তুসকে।
ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকুর প্রতি ক্লাব সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য শাস্তি পেতে হলো ইউভেন্তুসকে। পরের ম্যাচে গ্যালারির একাংশ ফাঁকা রাখতে হবে সেরি আর ক্লাবটিকে।
ঘটনাটি গত মঙ্গলবারের। সেদিন ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ৯৫তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরানোর পর ইউভেন্তুসের সমর্থকদের লক্ষ্য করে ঠোঁটে আঙুল চেপে উদযাপন করেন বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। এজন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।
সেরি আ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, লিগে পরবর্তী ‘হোম ম্যাচে’ দক্ষিণ স্ট্যান্ডের নিচের অংশ খালি রাখতে হবে ইউভেন্তুসকে। আগামী ২৩ এপ্রিল পয়েন্ট তালিকার শীর্ষ দল নাপোলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
এই ঘটনাটির তত্ত্বাবধানকারী বিচারক বলেছেন, 'অভিযুক্ত স্ট্যান্ডে উপস্থিত ৫ হাজার ৩৪ জন দর্শকের' অধিকাংশই লুকাকুকে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে দোষী।
প্রথম লেগে দুই হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লুকাকু। তাই ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের ফিরতি লেগ খেলতে পারবেন না তিনি।
লুকাকুর দ্বিতীয় হলুদ কার্ডকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ইউভেন্তুস ও ইন্টারের খেলোয়াড়রা। ওই ঘটনায় লাল কার্ড দেখা ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচ এক এবং ইউভেন্তুস মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
