কুয়েতের বিপক্ষে তীব্র লড়াই চান কাবরেরা
কুয়েতের বিপক্ষে লড়াকু ফুটবলের প্রতিশ্রুতি বাংলাদেশ কোচ দিলেন প্রত্যয়ী কণ্ঠে।
শক্তির বিচারে কিংবা পরিসংখ্যানের পাল্লায়- সব দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে কুয়েত। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৪১তম, বাংলাদেশ ১৯২তম। কিন্তু মানসিকভাবে একটু পিছিয়ে নন হাভিয়ের কাবরেরা। বরাবরের মতোই বাংলাদেশ কোচের কণ্ঠে বেজে উঠল আত্মবিশ্বাসের স্ফুরণ। কুয়েতের বিপক্ষে দল মাটি কামড়ে লড়বে বলে প্রত্যয়ী কণ্ঠে জানালেন এই স্প্যানিশ।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। দুই জয় ও এক ড্রয়ে ভারতকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারের মঞ্চে এসেছে কুয়েত। লেবাননের বিপক্ষে হারের ধাক্কা সামলে মালদ্বীপ ও ভুটানকে উড়িয়ে ২০০৯ সালের পর সেমি-ফাইনাল খেলছে বাংলাদেশ।
এ ম্যাচের আগে রিকভারির জন্য কুয়েতের চেয়ে একদিন কম সময় পাচ্ছে বাংলাদেশ। কাবরেরা তাই রিকভারির দিকে মনোযোগ দিচ্ছেন বেশি। তবে কুয়েত ম্যাচ নিয়ে তার মনোযোগ সরছে না একটুও। শুক্রবার সংবাদ সম্মেলনে জানালেন কুয়েতের বিপক্ষে লড়াইয়ের ছকটা করবেন অনেক ভেবে-চিন্তে।
“গত ম্যাচের পর এ পর্যন্ত আমরা চেষ্টা করেছি খেলোয়াড়দের যতটা সম্ভব রিকভারি করানোর। সত্যি বলতে আমরা খুব বেশি সময় পাইনি, ৭২ ঘণ্টার মতো পেয়েছি আগামীকালের ম্যাচের রিকভারির জন্য। তবে কুয়েত ম্যাচের জন্য আমরা তৈরি। খেলোয়াড়রাও যতটা সম্ভব রিকভারি করেছে। আজ আমাদের ট্রেনিং সেশন আছে, আগামীকালের ম্যাচের জন্য যে অ্যাডজাস্টমেন্ট লাগবে, সেটা করব।”
“কুয়েতের মুখোমুখি হওয়ার জন্য এবং অনেক দিন পর সেমি-ফাইনাল খেলার জন্য আমরা প্রস্তুত এবং রোমাঞ্চিত। তীব্র লড়াইয়ের ব্যাপারে আমরা আশাবাদী এবং ফাইনালে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
চলমান সাফে পারফরম্যান্সের বিবেচনায় সেরা দল কুয়েত। দলটির প্রতি কাবরেরার সমীহের কমতি নেই। কিন্তু গত দুই ম্যাচেই পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নেওয়ার আত্মবিশ্বাস, অনুপ্রেরণা সবই আছে স্প্যানিশ কোচের। নিজেদের পরিকল্পনা মাঠে মেলে ধরে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষা নিতে মুখিয়ে আছেন বাংলাদেশ কোচ।
“আমরা সবসময় প্রতিপক্ষদেরকে ভালোভাবে পর্যালোচনা করি, সবসময় নিজেদের প্রস্তুতিকে প্রাধান্য দেই। সবসময় চেষ্টা করি প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে। আগামীকালও কৌশল তাই হবে। আমরা নিজেদের খেলা খেলব এবং চেষ্টা করব কুয়েতকে বিস্ময় উপহার দেওয়ার।”
“কেবল ট্রানজিশনের সময় নয়, কুয়েত সবসময় পজিশনাল প্লে’তে ভালো। তাদের ভালো কম্বিনেশন, ভালো ব্যক্তিগত নৈপূণ্যনির্ভর খেলোয়াড় আছে। জামালও বলেছে, তারা তৈরি কুয়েতের জন্য। আশা করি, কাল আমরা তাদের বিপক্ষে লড়ব এবং পরিস্থিতি তাদের জন্য কঠিন করে তুলব।”
১৪ বছর পর হতাশার বৃত্ত থেকে বাংলাদেশকে বের করে এনে সাফের সেমি-ফাইনালে তুলেছেন কারবেরা। ২০০৫ সালের পর প্রথমবার এবার দক্ষিণ এশিয়ার ফুটবলের ফাইনালের মঞ্চে ওঠার হাতছানি দলের সামনে। বাংলাদেশ কোচ হাতছাড়া করতে চান না এই সুযোগ।
“প্রথম লক্ষ্য পূরণ হয়েছে… সেমি-ফাইনালে উঠে ছেলেরা সবাই খুশি এবং গর্বিত। আমি মনে করি, আপনি যখন সেমি-ফাইনালে উঠবেন, তখন ফাইনালে উঠতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরাও করব।”
