২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিপূর্ণ কোপা আমেরিকা হতে যাচ্ছে এবার’

কোপা আমেরিকার এবারের আসর নিয়ে কথা বলার ফাঁকে ইউরোপের দলগুলোকেও খোঁচা দিয়েছেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ।

‘ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিপূর্ণ কোপা আমেরিকা হতে যাচ্ছে এবার’
কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 10:14 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

পর্দা ওঠার অপেক্ষায় কোপা আমেরিকা। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ বললেন, এবারের আসরে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা ও কানাডা।

এবারের আসর যে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সংশয় নেই দমিনগেজের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির প্রধানের দৃষ্টিতে কেউ ফেভারিট নয় এবার।

“এই কোপা আমেরিকা ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হবে। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, কোন দল ফেভারিট, আমি বলতে পারব না কোনটা। কেননা, এটা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাপ হবে। আশা করছি, ম্যাচগুলো হবে স্নায়ুর চাপে ঠাসা।”

“১০ লাখেরও বেশি টিকেট বিক্রি হয়ে গেছে। আরও বিক্রি হবে। বিশ্বে কনমেবল একটা কনফেডারেশন, যারা আয়ের সর্বোচ্চ অংশ পুনরায় বিনিয়োগ করে…৯৫ শতাংশ। লিবের্তাদোরেস বা সুদামেরিকানার একটি ফাইনাল এখন বিশ্বের ১০০টি দেশে সরাসরি সম্প্রচারিত হয়। যখন আমরা ২০১৬ সালে কনমেবলের দায়িত্ব নিয়েছিলাম, তখন এটা এমনকি ৪০টি দেশেও সম্প্রচারিত হতো না।”

কনমেবল অঞ্চলের ফুটবলের বিশ্বকাপ সাফল্যের উদাহরণ টেনে ইউরোপের দেশগুলোকে খোঁচা দিয়েছেন দমিনগেজ। লাতিনের ৩ দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলে বিশ্বকাপ জিতেছে ১০টি, সেখানে জার্মানি (৫টি), ইতালি (৪টি), ফ্রান্স (২টি), স্পেন (১টি) এবং ইংল্যান্ড (১টি)-এই পাঁচ দেশ মিলিয়ে পেয়েছে ১৩টি।“ব্রাজিল বিশ্বকাপ জিতেছে পাঁচটি, আর্জেন্টিনার আছে তিনটি এবং উরুগুয়ে পেয়েছে দুটি…আমরা ইউরোপের দলগুলোকে আরও দুইটা পাওয়ার সুযোগ দিচ্ছি, নয়তো খুব সহজ হয়ে যাবে।”