১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদ ও ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

অহেলিয়া চুয়ামেনির জাতীয় দলে ফেরার অপেক্ষা আরেকটু দীর্ঘ হলো।

রেয়াল মাদ্রিদ ও ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা
অহেলিয়া চুয়ামেনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

লিভারপুলের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স এবং হেরে যাওয়ার হতাশা তো আছেই, সেই সঙ্গে এবার যোগ হয়েছে চোটের ছোবল। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন অহেলিয়া চুয়ামেনি।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার লিভারপুলের মাঠে ধারহীন ফুটবল খেলে ১-০ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ। ম্যাচের পুরোটা সময়ই অবশ্য খেলেন ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি।

তবে পরে মেডিকেল পরীক্ষায় তার বাঁ পায়ের ঊরুতে চোট ধরা পড়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে রেয়াল। ক্লাবের বিবৃতিতে অবশ্য তার মাঠে ফেরার কোনো সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের খবর, চুয়ামেনির পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। সেক্ষেত্রে ক্লাবের হয়ে লা লিগায় অন্তত তিনটি ও চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

২৫ বছর বয়সী এই ফুটবলারের চোট ফ্রান্স জাতীয় দলের জন্যও বড় একটা ধাক্কা। নিষেধাজ্ঞার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেননি তিনি। ফের চোট পাওয়ায় তার জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

চলতি মাসের মাঝামাঝি বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচে ইউক্রেইন ও আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স।

বাছাইয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফরাসিরা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইউক্রেইন। 

৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আইসল্যান্ড। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আজারবাইজান।