২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকায় না থাকা অপ্রত্যাশিত, বললেন দিবালা

আর্জেন্টিনা দলে জায়গা পাবেন না, কল্পনাও করেননি রোমার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 03:42 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

মৌসুমটা বেশ ভালোই কেটেছে পাওলো দিবালার। আর্জেন্টিনার দলে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু কোপা আমেরিকার আগে শেষ দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। অবিশ্বাসের ঘোরে থাকা তারকা এই ফরোয়ার্ড বললেন, অপ্রত্যাশিত বড় এক ধাক্কা খেয়েছেন তিনি।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযানে নামার আগে একুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ৯ ও ১৪ জুন। আর কোপা আমেরিকায় আর্জেন্টাইনদের পথচলা শুরু হবে ২০ জুন; কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে।

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য দিন দশেক আগে ২৯ জনের স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা হয়নি ৩০ বছর বয়সী দিবালার।

চোটের সঙ্গে লড়াই করলেও ইতালির ক্লাব এএস রোমার হয়ে এবারের মৌসুমে বেশ উজ্জ্বলই ছিল দিবালার পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ১৬ গোল করেন; সতীর্থদের ১০টি গোলেও রাখেন অবদান।

আপাতত কোনো চোট সমস্যা নেই দিবালার। ফিট থাকলে প্রায় সবসময়ই আর্জেন্টিনা স্কোয়াডে থাকেন তিনি, কিন্তু এবার তাকে ডাকেননি স্কালোনি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার এবারের আসরের দল চূড়ান্ত করার জন্য ১২ জুন পর্যন্ত সময় আছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচের হাতে। তাই কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি দিবালার।

তবে প্রাথমিক দলে জায়গা না পাওয়ার আক্ষেপের কথা দা আতলেতিককে বলেছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। অবশ্য কোচের সিদ্ধান্তের প্রতিও সম্মান দেখিয়েছেন তিনি।

“আমার মনে হয়েছে, এই বছর আমি কিছু ভালো পারফরম্যান্স করেছি। স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাই এটা (দলে জায়গা না পাওয়া) আমার জন্য খুব কঠিন ধাক্কা ছিল। কারণ, জাতীয় দলের অংশ হওয়া সবচেয়ে সেরা প্রাপ্তিগুলোর একটি।”

“তবে আমি এটাও বুঝতে পারছি, দল নির্বাচন করা কোচের জন্যও কঠিন কাজ। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। তিনি অবশ্যই দলের জন্য সেরাদেরই বেছে নিয়েছেন।”

পালেরমো, ইউভেন্তুস ঘুরে এখন রোমার হয়ে খেলছেন দিবালা। ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি আছে তার। নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ইতালিতে ১২ বছর কাটানো এই ফুটবলার।

“ইতালি আমাকে সব কিছু দিয়েছে। এই জায়গা ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে অবশ্যই আপনার সবসময় কৌতূহল ও ভাবনা থাকে, লা লিগা ও প্রিমিয়ার লিগের মতো লিগগুলোতে আপনি কেমন করবেন সেটা জানার, যেখানে দারুণ সব দল ও খেলোয়াড় আছে।”