কিংস অ্যারেনায় দ্রুত গোল হজম করতে চান না কাবরেরা
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে, গ্যালারিভর্তি সমর্থকদের সামনে দলের খেলায় উন্নতির ছাপ দেখতে চান বাংলাদেশ কোচ।
শক্তির বিচারে কিংবা ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্য বলা যায় আকাশসম। দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত পরিসংখ্যানেও সেই ব্যবধান স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম লেগেই যেমন মেলবোর্নে বাংলাদেশ উড়ে যায় ৭-০ গোলে। ঘরের মাঠের ফিরতি লেগে তাই আহমরি কোনো স্বপ্ন দেখছে না লাল-সবুজেরা। দলের খেলায় উন্নতির ছাপ দেখতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
দ্রুত যেন গোল হজম করতে না হয়, দলকে মরিয়া হয়ে সেই চেষ্টা করতে বললেন তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে ঘুরেফিরে আসছে মেলবোর্নের সেই দুঃসহ স্মৃতি।
যার শুরুটা হয়েছিল চতুর্থ মিনিটে বাংলাদেশের জালে বল জড়ানোর মধ্য দিয়ে। প্রথমার্ধেই আরও চারটি গোল হজম করে নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের বড় হার। দ্বিতীয়ার্ধে কাবরেরার দল খায় আরও দুই গোল।
এর আগে, ২০১৮ বিশ্বকাপ বাছাইয়েও দুই লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রথম লেগে ৫-০, দ্বিতীয় লেগের স্কোরলাইন ছিল ৪-০।
নিজেদের মাঠে এবার তাই যতটা সম্ভব বেশি সময় অস্ট্রেলিয়াকে আটকে রাখার পণ বাংলাদেশ কোচের।
“যদি মেলবোর্নের ম্যাচের সাথে তুলনা করি…অবশ্যই সেখানে আমরা যে পারফরম্যান্স করেছিলাম, তার চেয়ে উন্নতি করার দায় আমাদের আছে এবং ওই ম্যাচেও আমাদের ভালো কিছু মুহূর্ত ছিল। সেখানে আমরা ভিন্ন ভিন্ন কারণে ভুগেছিলাম, যার একটি দ্রুত গোল খাওয়া, যেটা আমরা আগামীকাল এড়াতে চাই। বিশ্বাস করি, আগামীকালের ম্যাচে আমরা টিকে থাকতে পারব এবং মেলবোর্নে যে পারফরম্যান্স করেছি, নিশ্চিতভাবে তার চেয়ে উন্নতির চেষ্টা করব।”
“আবারও বলছি, ঘরের মাঠে আমরা সমর্থকদের দেখাতে চাই যে সব দলের বিপক্ষে আমরা লড়াই করতে পারি; যদিও জানি, আগামীকালের ম্যাচটি আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা ম্যাচে টিকে থাকতে চাই, লড়াই করতে চাই এবং অস্ট্রেলিয়ার জন্য বিষয়গুলো কঠিন করে তুলতে চাই-এটাই লক্ষ্য।”
এশিয়ার শীর্ষ দলগুলোর একটি অস্ট্রেলিয়া। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের (১৮৪তম) চেয়ে যোজন যোজন মাইল এগিয়ে ‘সকারুজ’ খ্যাত দলটি; তাদের অবস্থান ২৪তম। চলমান বাছাইয়ের চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তলানিতে বাংলাদেশ। এমন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ তাই লুফে নিতে চান কাবরেরা।
“অবশ্যই, বিশ্বের সেরা দলগুলোর একটি এবং এশিয়ার শীর্ষ দলের বিপক্ষে খেলতে পারার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। কেবল নিজেদের জন্য নয়, সমর্থকদের জন্যও দারুণ এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি আমরা। ঘরের মাঠে ম্যাচ, যেখানে সব প্রতিপক্ষের সঙ্গে আমরা বেশ শক্তিশালী। আগামীকালের ম্যাচের জন্য আসলেই উন্মুখ হয়ে আছি আমরা।”
চোটের কারণে আগে থেকে নেই ফয়সাল আহমেদ ফাহিম। কার্ডের খাঁড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে চোট কাটিয়ে আক্রমণভাগে শেখ মোরসালিন, রক্ষণে কাজী তারিক রায়হান ফিরেছেন। অস্ট্রেলিয়ার আক্রমণভাগের বিপক্ষে তপু বর্মন ও তারিক কাজীকে তুলতে হবে জমাট দেয়াল। তারিক রক্ষণে ফেরায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন কাবরেরা।
“অবশ্যই তারা (তারিক ও মোরসালিন) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গত জুনে (সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠায়) আমাদের সাফল্যে তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। নিশ্চিতভাবেই আমরা বিশ্বনাথ ও ফাহিমকে মিস করব, কেবল তার গতির জন্য নয়, সে সবসময় প্রতিপক্ষের জন্য হুমকি। তবে ইসা (ফয়সাল) ফিট আছে এবং তারিকের স্কোয়াডে ফেরা আমাদের জন্য ভালো হয়েছে।”
