২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে বেনজেমাকে বিশ্রাম দেননি আনচেলত্তি

লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রাপ্তির খুব বেশি না থাকলেও ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে কাদিসের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে রাখেন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 11:31 AM

Updated : 16 Apr 2023, 12:49 PM

একাদশে করিম বেনজেমার নাম থাকাটাই ছিল খানিকটা অবাক করার মতো। সেই বিস্ময়ের পালা আরও বেড়ে যায় পরে, যখন তাকে খেলানো হয় ম্যাচের পুরো সময়! ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ব্যাখ্যা, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে দারুণ তরতাজা ও ফুরেফুরে দেখতে পেয়েই এই সিদ্ধান্ত নেন তিনি। 

লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা হাতছাড়া হয়েই গেছে প্রায়। তবে চ্যাম্পিয়ন্স লিগে ও কোপা দেল রের শিরোপা লড়াইয়ে এখনও দারুণভাবেই আছে তারা। আগামী মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির মাঠে খেলবেন বেনজেমারা। 

সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শনিবার লা লিগায় পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা কাদিসের বিপক্ষে বেনজেমাকে মাঠে নামান কোচ। পরে রদ্রিগো, ফেদে ভালভের্দে ও লুকাস ভাসকেসকে তুলে নিলেও বেনজেমা খেলেন পুরো সময়ই। 

এই মৌসুমেই চোট ও ক্লান্তি মিলিয়ে বেনজেমার পারফরম্যান্সে চলে এসেছিল ভাটার টান। পরে আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময়টায় বিশ্রাম পেয়ে আবার সেরা চেহারায় ফেরেন তিনি। এবার চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কাদিসের বিপক্ষে তাকে একাদশে নেওয়া ও পুরো সময় মাঠে রাখা জন্ম দিচ্ছে প্রশ্নের। ম্যাচ শেষে সেটির জবাব দিলেন কোচ আনচেলত্তি। 

“তাকে দেখে আমার দারুণ তরতাজা ও খুব ভালো মনে হচ্ছিল। এজন্য তাকে বললাম যে, ‘তোমাকে আমি দলে রাখছি। যখনই দেখে মনে হবে ক্লান্ত, তোমাকে তুলে নেব।” 

কিন্তু শেষ পর্যন্ত তাকে আর তুলে নেননি কোচ। বেনজেমা এ দিন জালের দেখাও পাননি। মাঠে অবশ্য বেশ প্রাণবন্ত ও সক্রিয়ই দেখা গেছে তাকে। স্রেফ গোলটাই পাননি। ৯টি শট নিয়েছেন তিনি গোলে, খুব কাছ থেকে ক্রসবারেও লেগেছে একবার তার শট। শেষ পর্যন্ত গোল ধরা দেয়নি। 

তবে বেনজেমার সামগ্রিক পারফরম্যান্সে খুশি কোচ। 

“সে গোল পায়নি বলে কিছুটা খারাপ লেগেছে। তবে যেভাবে সে খেলেছে, মাঠে তা দেখতে পাওয়া ছিল দারুণ। তাকে তুলে নেওয়া কঠিন ছিল, কারণ তার খেলা খুবই উপভোগ করছিলাম আমি।” 

পেশিতে টান লাগার কারণে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মাঠে পায়নি টনি ক্রুস ও ভিনিসিউস জুনিয়রকে। তবে চেলসির বিপক্ষে মঙ্গলবার তাদেরকে পাওয়া নিয়ে শঙ্কা নেই, নিশ্চিত করলেন কোচ। 

“আজকেও ওরা এখানে ছিল, অনুশীলনও করেছে। তবে আমরা ঝুঁকি নেইনি। মঙ্গলবার মাঠে নামার জন্য সেরা অবস্থায় থাকবে ওরা।”