২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে কাদরির মেয়াদ বাড়াল তিউনিসিয়া

আগামী বছরের আফ্রিকান নেশন্স কাপ পর্যন্ত তিউনিসিয়ার কোচের দায়িত্বে থাকবেন জালাল কাদরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 06:38 PM

Updated : 01 Jan 2023, 06:38 PM

বিশ্বকাপে লক্ষ্য পূরণ হয়নি। তাই তিউনিসিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন জালাল কাদরি নিজেই। তবে পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

তিউনিসিয়া ফুটবল ফেডারেশন শনিবার এক বিবৃতিতে জানায়, আগামী বছরের আফ্রিকান নেশন্স কাপ পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন ৫১ বছর বয়সী কাদরি।

কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে হারে তিউনিসিয়া। গ্রুপের শেষ ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়ে দেয় ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে। তবু তাদের বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে।

বিশ্বকাপে তিউনিসিয়া দলের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য কাদরি সম্প্রতি ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। দলকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন তিনি নিজেই। তবে ফেডারেশন সেটি প্রত্যাখ্যান করে কাদরি ও তার পুরো স্টাফের মেয়াদ ১২ মাসের জন্য বাড়িয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার দায়িত্ব নেন কাদরি। তার পরবর্তী পরীক্ষা শুরু আগামী মার্চে, আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে লিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

মহাদেশীয় টুর্নামেন্টটির ২৪ দলের মূল আসর বসবে আগামী বছরের জানুয়ারিতে, কোত দি ভোয়ার মাটিতে।