Published : 24 Nov 2025, 05:28 PM
ঘটনার সময়ই বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল এদের সারাবিয়াকে। ম্যাচের পরও ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তার দাবি, রেয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলের আগে গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে ফাউল করেছিলেন ভিনিসিউস জুনিয়র। রেফারির গোল দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না এলচে কোচ।
ঘরের মাঠে রোববার লা লিগার ম্যাচে রেয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগায় এলচে। তবে দুইবারই সমতা ফেরায় সফরকারীরা। ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
বিতর্কিত ঘটনাটি ম্যাচের ৮৭তম মিনিটে। জুড বেলিংহ্যামের প্রথম শট ঠেকিয়ে দেওয়ার সময় ওখানে ছুটে যাওয়া ভিনিসিউসের পায়ে লেগে মুখে আঘাত পান পেনিয়া। বল পুরোপুরি বিপদমুক্তও করতে পারেননি তিনি, বল চলে যায় দূরের পোস্ট পেরিয়ে কিলিয়ান এমবাপের কাছে, তার কাটব্যাক পেয়ে গোলমুখ থেকে দ্বিতীয় প্রচেষ্টায় সমতা ফেরান বেলিংহ্যাম।
ওই সময় স্প্যানিশ গোলরক্ষক পেনিয়ার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।
ফাউল না ধরে গোলের সিদ্ধান্ত দেওয়ায় ম্যাচ শেষে রেফারির তীব্র সমালোচনা করেন এলচে কোচ সারাবিয়া।
“আমি মোটেও খুশি নই, মোটেও না। আমি ইতোমধ্যে খেলোয়াড়দের বলেছি, আমি হতাশ। যখন সিদ্ধান্তটি দেখলাম, আরও বেশি হতাশ হয়ে পড়ি। ভিনিসিউস মোটেও বল স্পর্শ করেনি, সে পেনিয়ার মুখে আঘাত করে। পেনিয়া কিছু দেখতে পারেনি। ভিনিসিউস তার মুখে আঘাত করে। এটা পরিষ্কার ফাউল।”
এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রেয়াল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে শিরোপাধারী বার্সেলোনা।
১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে এলচে।