অভিষেকে ৩৩ সেকেন্ডে গোল করে গিইউ বললেন, ‘বিশ্বাস হচ্ছে না’
বদলি নেমে গোল করে দলকে জিতিয়ে অবিশ্বাসের ঘোরে বার্সেলোনার এই টিনএজার।
রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়ারা চোটে বাইরে না থাকলে মার্ক গিইউ হয়তো সুযোগই পেতেন না। হঠাৎ পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না তিনি কাজে লাগালেন। মাঠে নামার একটু পরই গোল করে বার্সেলোনার হয়ে অভিষেক রাঙালেন, দলকে এনে দিলেন দারুণ জয়। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বললেন, এমন কিছু কখনও তিনি কল্পনাও করেননি।
কাম্প নউয়ে রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে ফেরমিন লোপেসের বদলি নামানো হয় গিইউকে। মাঠে নামার ৩৩ সেকেন্ড পরই, ম্যাচে নিজের দ্বিতীয় স্পর্শেই জালের দেখা পান তিনি। সেই গোলই গড়ে দেয় ব্যবধান। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শাভি এর্নান্দেসের দল।
বার্সেলোনার হয়ে লিগে নিজের প্রথম গোল তার চেয়ে কম সময়ে করতে পারেনি ক্লাবটির ইতিহাসে আর কেউ। চলতি শতাব্দীতে লা লিগায় অভিষেকে বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি, ১৭ বছর ২৯১ দিন।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই স্প্যানিয়ার্ড ম্যাচের পর কাতালান টিভি চ্যানেল ইস্পোর্টস ৩-কে বললেন, মুহূর্তটি উপভোগ করছেন তিনি।
“আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না, মুহূর্তটি উপভোগ করছি। এমন কিছু কল্পনাও করিনি। সারাটা জীবন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি...আমি আজ ঘুমাতে পারব না।”
“এমন কিছুর স্বপ্ন কতবার যে দেখেছি, প্রায় প্রতি রাতেই। আমি খুবই গর্বিত। সবকিছু হুট করেই যেন ঘটে গেল। আমি ভাবারও সময় পাইনি।”
এই ম্যাচে বার্সেলোনার অনেকগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেন বিলবাও গোলরক্ষক উনাই সিমোন। শেষ পর্যন্ত এই অভিজ্ঞ গোলরক্ষকের দেয়াল গুঁড়িয়ে দেন গিইউ। জোয়াও ফেলিক্সের থ্রু বল নিয়ন্ত্রণে নেওয়া এই তরুণকে আটকাতে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসেছিলেন সিমোন। ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন গিইউ।
“ফেলিক্স যখন বলটা নিয়ন্ত্রণে নিলেন, দেখলাম ওদের রক্ষণের পেছনে কিছুটা ফাঁকা জায়গা আছে। উনি আমাকে বলটা দিলেন, আমি উনাই সিমোনকে পরাস্ত করলাম। এত বড় মাপের একজন গোলরক্ষকের বিপক্ষে গোল করতে পারাটা আমার জন্য সম্মানের।”
