ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 24 May 2026, 11:13 PM
ধারাবাহিক ব্যর্থতায় চোখরাঙানি ছিল ৪৯ বছরে প্রথমবার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল টটেনহ্যাম হটস্পার। শেষ ম্যাচের বাঁচা-মরার লড়াইয়ে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল উত্তর লন্ডনের ক্লাবটি।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার লিগের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম। প্রথমার্ধে গোলটি করেন জোয়াও পালিনিয়া।
শেষ ছয় ম্যাচে তৃতীয় এবং ৩৮ ম্যাচে দশম জয় পেল টটেনহ্যাম। সেই সঙ্গে ১১ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ১৭তম হলো রবের্তো দে জেরবির দল।
ভীষণ চাপে মাঠে নেমে শুরু থেকে আক্রমণে আধিপত্য করলেও, ডেডলক ভাঙতে পারছিল না টটেনহ্যাম। অবশেষে ৪৩তম মিনিটে দলকে পথ দেখান পালিনিয়া। কর্নারে প্রথমে তার হেড পোস্টে বাধা পাওয়ার পর, ফিরতি বল ছয় গজ বক্সে পেয়ে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার।
প্রথমার্ধে গোলের জন্য ১৪ শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে টটেনহ্যাম।
ওই একটি গোল যে তাদের কাছে কতটা কাঙ্ক্ষিত, তা তাদের বাঁধভাঙা উদযাপনেই ফুটে ওঠে।
একই সময়ে শুরু ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে উড়িয়েও, দ্বিতীয় স্তরে নেমে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ৩৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটি।
প্রিমিয়ার লিগে টানা ১৪ বছর খেলে চ্যাম্পিয়নশিপে অবনমন হলো ওয়েস্ট হ্যামের।
আর টেবিলের নিচের দুই দল বার্নলি ও উলভারহ্যাম্পটনের অবনমন আগেই নিশ্চিত হয়েছিল।
আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল জয়ের আনন্দেই আসর শেষ করেছে। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ী দলটি এদিন ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
৩৮ ম্যাচে ২৬ জয় সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮৫।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শেষ করল ম্যানচেস্টার সিটি। ৭৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ পেপ গুয়ার্দিওলার দল।
ব্রাইটনকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যাস্টন ভিলা। আর ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
ষষ্ঠ ও সপ্তম হয়ে বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড ইউরোপা লিগের টিকেট পেয়েছে। আর আট নম্বর দল ব্রাইটন খেলবে উয়েফা কনফারেন্স লিগে।
রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় সালাহর