রেফারিকে ‘তামাশা’ বলে শাস্তি পেলেন ম্যাগুইয়ার
চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
অসদাচরণের অভিযোগে শাস্তি পেয়েছেন হ্যারি ম্যাগুইয়ার। এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আগামী রোববার চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
গত মাসে লিগে বোর্নমাউথের বিপক্ষে ইউনাইটেডের ২-২ ড্র ম্যাচের ৭৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বক্সে টেনে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখানো হয় ম্যাগুইয়ারকে। একই সঙ্গে পেনাল্টি পায় বোর্নমাউথ।
বহিষ্কৃত হয়ে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারি ম্যাট ডোনোহুকে কিছু একটা বলার জন্য তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ম্যাগুইয়ারের শাস্তির কথা জানিয়ে এফএ বুধবার এক বিবৃতিতে বলেছে, মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘চতুর্থ রেফারির প্রতি অনুপযুক্ত আচরণ করেছেন বা অপমানজনক ভাষা ব্যবহার করেছেন।’
চতুর্থ রেফারি অভিযোগের বিবরণীতে বলেন, “ম্যাগুইয়ার যখন মাঠ ছাড়ছিলেন, তখন তিনি আমার কাছে এসে চিৎকার করে বলেন, ‘তুমি একটা তামাশা। তোমরা সবাই একটা… তামাশা।”
চতুর্থ রেফারি বা অন্য কোনো ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে অপমানজনক কিছু বলার কথা অস্বীকার করেছেন ম্যাগুইয়ার। তবে তিনি স্বীকার করেছেন যে, তার আচরণ ঠিক ছিল না। এজন্য ক্ষমাও চেয়েছেন ৩০ বছর বয়সী ইংলিশ সেন্টার-ব্যাক।
