২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিজমানের গোলের নেপথ্যে কী?

কাতার বিশ্বকাপের দারুণ ছন্দ ক্লাব ফুটবলেও টেনে আনার পেছনের গল্পটা শোনালেন আতলেতিকো মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড।

গ্রিজমানের গোলের নেপথ্যে কী?

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 04:18 PM

Updated : 19 Jan 2024, 03:04 PM

কাতার বিশ্বকাপে ফ্রান্সের ফাইনালে ওঠায় রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ছন্দ ধরে রেখে আতলেতিকো মাদ্রিদের জার্সি পরেও নিয়মিত গোলে অবদান রাখছেন অঁতোয়ান গ্রিজমান। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার জানালেন দুর্দান্ত ও ধারাবাহিক এই পারফরম্যান্সের পেছনের গল্প।

বিশ্বকাপ শেষে আতলেতিকোয় ফেরার পর এ পর্যন্ত লা লিগায় ৪টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন গ্রিজমান। শীর্ষ চারে থেকে লিগ মৌসুম শেষ করার পথেও ভালোভাবে এগিয়ে যাচ্ছে তার দল।

দলের পথচলায় দারুণ অবদান রেখে অসাধারণ এক প্রাপ্তির দিকে এগিয়ে চলেছেন গ্রিজমান। এ মুহূর্তে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে তিনি, ১৫১টি গোল নিয়ে।

১৭৩ গোল নিয়ে এই তালিকায় এখনও শীর্ষে লুইস আরাগোনেস। তবে বর্তমানে যে হারে গোল করে চলেছেন গ্রিজমান, তা ধরে রাখলে হয়তো অচিরেই পৌঁছে যাবেন রেকর্ডের কাছাকাছি।

সাম্প্রতিক সময়ে গোল মুখে নিজের এত উন্নতির কারণ মুন্দো দেপোর্তিভোকে জানালেন গ্রিজমান। বললেন, ছেলেই তাকে অনুপ্রাণিত করছে।

“আমি গোল করতে নাকি করাতে পছন্দ করি? এ মুহূর্তে গোল করতে। কেননা, আমার ছেলে তার বাবাকে গোল করতে দেখতে চায়!”

“কিন্তু ব্যক্তিগত এবং পেশাদার পর্যায়ে আমি অ্যাসিস্ট করতে পছন্দ করি। কেননা, এটা আরও বেশি কঠিন কাজ এবং এটা আমাকে আনন্দ দেয়।”

আরাগোনেসের রেকর্ড থেকে এখনও বেশ দূরে গ্রিজমান। ওই তালিকায় ধারেকাছে আপাতত তৃতীয় স্থানে থাকা ফ্রান্সিসকো কাম্পোস (১৫৩টি), দ্বিতীয় স্থানে থাকা আদ্রিয়ান এসকুদেরো (১৬৮টি)। তবে আরাগোনেসের রেকর্ডই চাই গ্রিজমানের।

“আমি আতলেতিকোর গোলের রেকর্ড ভাঙতে চাই। এটা আমার জন্য অনেক বড় এক চ্যালেঞ্জ।”