২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ও ইউনাইটেডের ‘অবস্থান পরীক্ষার’ লড়াই

দুই দলই সঠিক পথে আছে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 04:34 PM

Updated : 16 Feb 2023, 04:34 PM

কঠিন পথ মাড়িয়ে আলোর রেখা খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে দুই দলের উন্নতি চোখে পড়ার মতো। এবার তারা মুখোমুখি হচ্ছে ইউরোপা লিগের শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে। উভয় দলের জন্যই ম্যাচটিকে নিজেদের অগ্রগতি পরখ করে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

বিশ্ব ফুটবলে সফল আর ঐতিহ্যবাহী দুটি ক্লাব তারা। মুখোমুখি হয়েছে ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। সেই তাদের কিনা এবার খেলতে হচ্ছে ইউরোপা লিগে।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের পেছনে থেকে তৃতীয় হয়ে টানা দ্বিতীয়বার ইউরোপা লিগে নেমে যায় বার্সেলোনা। আর গত মৌসুমে ছয় নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় সরাসরি ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে খেলতে হচ্ছে ইউনাইটেডকে। গ্রুপ পর্বে রিয়াল সোসিয়েদাদের পেছনে থেকে দ্বিতীয় হয় ইংলিশ ক্লাবটি।  

বার্সেলোনা বর্তমানে লা লিগার শীর্ষে আছে। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। নকআউট প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে বৃহস্পতিবার কাম্প নউয়ে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়।

আগের দিন টেন হাগ বলেন, দুই দলের অগ্রগতির পরীক্ষা হয়ে যাবে এই ম্যাচ দিয়ে দিয়ে। তাদের লক্ষ্য আবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরা।

“এটি সত্যি যে, দুই ক্লাবই ইউরোপা লিগে খেলছে। দুই ক্লাবেরই চ্যাম্পিয়ন্স লিগে থাকার উচ্চাকাঙ্ক্ষা আছে, এমনকি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে থাকাই নয়। উভয় ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে সত্যিকারের প্রভাব ফেলতে চায়, গ্রুপ পর্ব পার হয়ে, এরপর সেমি-ফাইনাল, ফাইনাল, এমনকি জিততে চায়।”

“কিন্তু বাস্তবতা হলো, আমরা ইউরোপা লিগে আছি এবং উভয় ক্লাবেরই নতুন করে শুরু করতে হয়েছে। আমরা উভয় দলই একটি যাত্রায় আছি এবং দুই দলই সঠিক পথে আছি।”

হাইভোল্টেজ ম্যাচটির আগে চ্যালেঞ্জের পাশাপাশি রোমাঞ্চও অনুভব করছেন ইউনাইটেডের ডাচ কোচ।

“আগামীকাল (আজ) রাতে একে অপরের মুখোমুখি লড়াইটা রোমাঞ্চকর হবে, কারণ এটি উভয় ক্লাবকে সাহায্য করবে, উভয় ক্লাবই বুঝতে পারবে তারা এখন কী অবস্থায় আছে। ভালো একটি পরীক্ষা হতে যাচ্ছে, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং এই ধরনের পরীক্ষায় আরও ভালো হওয়া যায়।”