২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব কাপে সেরা আল নাস্‌র

পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর এগিয়ে নেওয়ার গোলটিও করেন এই পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 12:24 AM

Updated : 13 Aug 2023, 12:31 AM

সৌদি আরবের ফুটবলে অভিষেক মৌসুমে ছিলেন শিরোপাহীন। সেই হতাশা নতুন মৌসুমে ঘোচালেন ক্রিস্তিয়ানো রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উপহার দিলেন জোড়া গোল; অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও তার দল আল নাস্‌র পেল শিরোপার স্বাদ। 

শনিবার ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাস্‌র। এই প্রতিযোগিতা প্রথমবারের মতো সেরার মুকুট জিতল তারা। 

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। 

আল নাস্‌রের বিপদ আরও বাড়ে ৭০তম মিনিটে মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল। 

এই দুই লাল কার্ডের মাঝে ৭৪তম মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আল ঘানাম বল নিয়ে বেরিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান রোনালদোর উদ্দেশে। অনায়াসে বাকি কাজটুকু সারেন রেয়াল মাদ্রিদের সাবেক তারকা। এই গোলেই সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাস্‌র। 

অতিরিক্ত সময়ে ৯৮তম মিনিটে আবারও রোনালদো ঝলক। এবার পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন রোনালদো। এই টুর্নামেন্টে তার গোল হলো ৬টি। 

এগিয়ে যাওয়ার পর বাকিটা সময় এই গোল আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাস্‌র। পর্তুগিজ মহাতারকা রোনালদোকে দলে টানার পর এই প্রথম শিরোপা জিতল তারা। ২০২১ সালের ডিসেম্বরের পর এই প্রথম আল হিলালকে হারাল তারা।