২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হিটে বাদ মুক্তি, শুটিং-টিটিতেও হতাশা

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশের অ্যাথলেটরা।

হিটে বাদ মুক্তি, শুটিং-টিটিতেও হতাশা

এশিয়ান গেমস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 02:25 PM

Updated : 20 Sep 2026, 02:48 PM

ব্যক্তিগত ও দলীয়- কোনো ইভেন্টেই এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশের অ্যাথলেটরা সুখবর এনে দিতে পারেননি। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে হিট থেকে মুক্তি খাতুন বাদ পড়েছেন অনুমিতভাবে। শুটিং ও টেবিল টেনিসেও নেই কোনো চমক।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে রোববার সাঁতারে মুক্তি নিজের হিটে সপ্তম হন ৩৬ দশমিক ৬১ সেকেন্ডে সাঁতার শেষ করে। এই ইভেন্টের হিটে সব মিলিয়ে অংশ নেওয়া ২৪ প্রতিযোগীর মধ্যে ২৩তম হন তিনি।

১০ মিটার এয়ার রাইফেলের এককে বাংলাদেশের তিন শুটারই ছিটকে গেছেন বাছাই থেকে। বাছাইয়ে অংশ নেওয়া ৫৫ প্রতিযোগীর মধ্যে সাফা বিন সাহিদ ৬২১ স্কোর নিয়ে ৩৮তম, সাজিদা হক ৬২০ দশমিক ৬ স্কোর নিয়ে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯ দশমিক ১ স্কোর নিয়ে ৪৬তম হয়েছেন।

টেবিল টেনিসে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে শুরু করেছে বাংলাদেশ। সোনম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে ইয়েহ ই-তিয়ানের কাছে, নওরিন মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে চেং ই-চিংয়ের বিপক্ষে এবং তুশি সামান্তা ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে পেং ইউ-হানের কাছে হেরেছেন।

টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। হেরেছে ৩-০ সেটে। দলের হয়ে খেলা হৃদয় মুহতাসিন ১১-৫, ১১-৪, ১১-৪, ইমরুল ইমন  ১১-৪, ১১-৭, ১১-৯ এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে হেরেছেন।