২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগেভাগেই শেষ হচ্ছে টুখেলের বায়ার্ন অধ্যায়

চুক্তির এক বছর বাকি থাকতেই ‘পারস্পরিক সমঝোতায়’ বায়ার্ন মিউনিখ ছাড়বেন এই জার্মান কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2024, 04:16 PM

Updated : 21 Feb 2024, 05:02 PM

কক্ষপথ থেকে একটু একটু করে ছিটকে গেছে বায়ার্ন মিউনিখ। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা পড়েছে হুমকির মুখে, চ্যাম্পিয়ন্স লিগেও তারা নেই ভালো অবস্থায়। টানা এই ব্যর্থতার দায়ে চলতি মৌসুম শেষে কোচ টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। 

টুখেলের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তবে এক বছর আগেই ‘পারস্পরিক সমঝোতায়’ তা শেষ করার সিদ্ধান্তের কথা বুধবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ক্লাবটি। 

গত বছর মার্চে ইউলিয়ান নাগেলসমানের উত্তরসূরি হিসেবে বায়ার্নের ডাগআউটে যোগ দেন টুখেল। কয়েক মাসের মধ্যেই উদযাপন করেন লিগ শিরোপা জয়। 

এই মৌসুমের শুরুটাও বেশ ভালো করে দলটি; বুন্ডেসলিগায় প্রথম তিন মাসে ছিল অপরাজিত। চ্যাম্পিয়ন্স লিগেও অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা। এরপর ছন্দপতনের শুরু। গত নভেম্বরে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পরের মাসে লিগে পায় প্রথম হারের স্বাদ। 

আর সাম্প্রতিক সময়ে ব্যর্থতার চাদর যেন জেঁকে ধরেছে বায়ার্নকে। সব প্রতিযোগিতা মিলিয়ে হেরেছে টানা তিন ম্যাচে। লিগে গত সপ্তাহে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বায়ার্ন। আর গত রোববার পয়েন্ট তালিকার দশের বাইরে থাকা ভিএফএল বুখুমের কাছে হেরে যায় ৩-২ গোলে। ২২ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় দুই নম্বরে আছে দলটি। 

এই দুই হারের মাঝে তারা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে হারে লাৎসিওর মাঠে। 

লিগে টানা এই দুই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের থেকে ৮ পয়েন্টে পিছিয়ে পড়ে জার্মানির সফলতম দলটি। টুখেলের ওপর ক্রমাগত বাড়তে থাকা চাপ তাতে আরও বেগ পায়। শোনা যাচ্ছিল, কয়েক দিনের মধ্যে ছাঁটাই হতে পারেন তিনি।

তবে বুখুমের বিপক্ষে হারের পর ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেজেন জানান, টুখেলকে এখনই সরিয়ে দেওয়ার কোনো ভাবনা আপাতত নেই তাদের। তবে সেই আস্থা যে ঠিকই নড়ে গেছে, তা এবার পরিষ্কার হয়ে গেল। 

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতেই ড্রেজেন দুই পক্ষের ‘গঠনমূলক আলোচনা ও সমঝোতাতেই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আবারও সাফল্যের ধারায় ফিরতে সবকিছু নতুন করে সাজানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। 

“(টুখেল অধ্যায় শেষের আগ পর্যন্ত) ক্লাবের সবাই এখনও চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্ডেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর।… বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, লাৎসিওর বিপক্ষে (প্রথম লেগে) হারের পরও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সমর্থকদের সঙ্গে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারব।” 

৫০ বছর বয়সী টুখেলের কণ্ঠেও একই আত্মবিশ্বাসী সুর। দিলেন শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা। 

“এই মৌসুম শেষে আমরা চলে যাব। তার আগ পর্যন্ত আমি ও আমার কোচিং টিম সর্বোচ্চ সাফল্য পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”