২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিভাবান স্ট্রাইকার হয়লুনকে ‘দলে টানছে’ ম্যানইউ

বিবিসির খবর অনুযায়ী, পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিবেন ডেনমার্কের তরুণ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 04:50 PM

Updated : 30 Jul 2023, 05:09 PM

নতুন মৌসুমের আগে আক্রমণভাগে শক্তি বাড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডেনিশ স্ট্রাইকার গাসমুস হয়লুনকে কিনতে তার বর্তমান দল আতালান্তার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বিবিসি তাদের শনিবারের প্রতিবেদনে লিখেছে, ২০ বছর বয়সী হয়লুনের জন্য ইতালিয়ান ক্লাবটিকে মোট ৭ কোটি ২০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে ইউনাইটেড। ৬ কোটি ৪০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি, আর বোনাস সহ যোগ হতে পারে আরও ৮০ লাখ পাউন্ড।

তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে ইউনাইটেডের চুক্তির মেয়াদ হতে পারে পাঁচ বছরের। সুযোগ থাকবে আরও এক বছর বাড়ানোর। হয়লুনের ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনার খবর এসেছে ইতালিয়ান গণমাধ্যমেও।

২০২২ সালের অগাস্টে আতালান্তায় যোগ দেন হয়লুন। গত মৌসুমে দলটির হয়ে ৩৪ ম্যাচে ১০ গোল করেন তিনি।

গুঞ্জন সত্যি হলে, এবারের গ্রীষ্মের দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে যোগ দিবেন হয়নুল। এর আগে চেলসি থেকে মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে সাড়ে ৫ কোটি পাউন্ডে এবং ইন্টার মিলান থেকে গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে দলে টেনেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।