তিন গোলের ব্যবধান ঘোচানো টটেনহ্যামের জন্য ‘কঠিন, তবে অসম্ভব নয়’
টটেনহ্যাম কোচ ইগর টুডরের বিশ্বাস, এখনও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
আতলেতিকো মাদ্রিদের মাঠে বিধ্বস্ত হওয়ার পর টটেনহ্যাম হটস্পারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তবে ইংলিশ দলটির কোচ ইগর টুডরের বিশ্বাস, এখনও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
শেষ ষোলোর প্রথম লেগে গত সপ্তাহে মাদ্রিদে ৫-২ গোলে হেরে যায় টটেনহ্যাম। লন্ডনে বুধবার হবে ফিরতি লেগ।
আতলেতিকো গত এক মাসের একটু বেশি সময়ে ৩-০ গোলে হেরেছে রায়ো ভাইয়েকানো ও বার্সেলোনার মাঠে। টটেনহ্যাম গত রোববার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে রুখে দিয়েছে ১-১ গোলে, এতে লিগে তাদের টানা পাঁচ হারের যাত্রাও থেমেছে।
টটেনহ্যাম সত্যিই পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নাকি শুধু একটি জয়ের মাধ্যমে হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারের আশা করছে- এমন প্রশ্নে টুডর সাংবাদিকদের বলেন, “দুটোই হতে পারে, এটা এমন একটি ম্যাচ, যা আমাদের পরের রাউন্ডে যাওয়ার জন্যই খেলা উচিত।”
“আমাদের প্রথম কাজ হলো লিগে টিকে থাকা, তবে আগামীকাল (বুধবার) আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো এটা দেখানো যে, আমরাও ভালো কিছু করতে পারি এবং ওরা আমাদের চেয়ে ভালো নয়।”
তিন গোলের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার কাজটা ভীষণ কঠিন, ভালো করেই জানে টুডর। কিন্তু হাল ছাড়তে রাজি নন তিনি।
“কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আমাদের লড়াইয়ে থাকতে হবে, নিজেদের শক্তির জায়গাগুলোর ওপর মনোযোগ দিতে হবে। এখনও যেকোনো কিছুই হতে পারে। শুরু থেকেই বিশ্বাস করা জরুরি যে, আমরা এটা করতে পারব।”
