২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে এমবাপের বিকল্প ‘গোটা দল’

এমবাপে চলে যাওয়ায় নতুন চার-পাঁচ-ছয়জনকে দলে আনা হবে জানিয়ে কোচ লুইস এনরিকে বললেন, পিএসজি সামনে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 12:59 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

তারকার হাট ভেঙে গেছে বেশ আগেই। নেইমার, লিওনেল মেসিরা বিদায় নিয়েছেন এই ক্লাব থেকে। এবার সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেও চল যাচ্ছেন। তবে তাতে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে না লুইস এনরিকের। পিএসজি কোচ প্রত্যয়ী কণ্ঠে বলছেন, এমবাপের বদলে বেশ কয়েকজনকে দলে এনে সবাই একতাবদ্ধ হয়ে খেলে আগামী মৌসুমের সব ট্রফি জয়ের চেষ্টা করবেন তারা। 

এমবাপের প্যারিস অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হয়ে গেল শনিবার। ফরাসি কাপের ফাইনালই ছিল পিএসজির হয়ে তার শেষ ম্যাচ। লিঁওকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতেই এই অধ্যায়ের ইতি টানেন তিনি। নিজে যদিও গোল করতে পারেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ এনরিকে বললেন, নিজে থেকে ক্লাব ছেড়ে গেলেও বিদায়ের মুহূর্তটি এমবাপের জন্য কঠিন।

“কিলিয়ানকে কোচিং করার সৌভাগ্য এই মৌসুমে আমার হলো। সাত বছর এই ক্লাবে থাকার পর এবং এত কিছু অর্জনের পর ছেড়ে যাওয়াটা তার জন্য কঠিন, বিদায় বলা কঠিন।”

এমবাপে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে নিয়মিতই নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোচকে। সবচেয়ে বেশি শুনেছেন তিনি সম্ভাব্য বিকল্প নিয়ে। এমবাপেকে ছাড়া পিএসজিতে তো ভাবাই যায় না! ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার তিনি। সাত মৌসুমে জিতেছেন এখানে ১৫টি শিরোপা।

এমবাপের উপযুক্ত কোনো বদলি নেই, সেটি মানেন এনরিকেও। তবে সবাই মিলে ঘাটতি পূরণ করে দেওয়ার প্রত্যয়ও শোনালেন কোচ। 

“কিলিয়ানের বদলি নেই, তার বিকল্প কাউকে পাব না আমরা। আমরা এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব গোটা দল দিয়ে এবং চার-পাঁচ-ছয়জনকে নতুন করে দলে এনে।”

“কিলিয়ানের বদলি হবে গোটা দল, সমর্থবদের নিয়ে উচ্চাশাকে সঙ্গী করে আগামী মৌসুমে সবকিছু জয়ের চেষ্টা করব।”

‘সবকিছুর’ মধ্যে সবচেয়ে জরুরি বা কাঙ্ক্ষিত তাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়। পিএসজির সবচেয়ে বড় স্বপ্ন এটিই। নতুন ফুটবলার যে বা যারাই আসবে, অধরা এই সাফল্যের জন্য আগে চ্যালেঞ্জ দিয়ে রাখলেন এনরিকে। 

“নতুন যে ফুটবলারই আসুক, তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষায়। আমরা ইতিহাস গড়তে চাই এবং এই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতবেই, আজ হোক বা কাল। কাজটা কঠিন, তবে এই ক্লাব তা করবেই।”

“এই মৌসুম শেষ হয়ে যাচ্ছে। তবে দেনদরবার শুরু হয়ে গেছে এবং স্কোয়াডকে আরও উন্নত করার চেষ্টা চলছে। আমাদের সামনে সম্ভাবনা অনেক। বড় একটি ক্লাবে চাহিদা অনেক বেশি থাকাই স্বাভাবিক, ফুটবলারদের মানিয়ে নিতে হবে। শীর্ষ পর্যায়ের ফুটবলে ছুটি বলে কিছু নেই।”