২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে ‘খুশি ও উদ্দীপ্ত’ দেখছেন মনতিয়েল

আর্জেন্টাইন মহাতারকার সঙ্গ উপভোগ করছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 04:45 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

কোপা আমেরিকার মুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনার ভরসার কেন্দ্রে লিওনেল মেসি। এবারও দলটি সওয়ার হতে চাইবে মহাতারকার চওড়া কাঁধে। ৩৬ বছর বয়সী মেসি সেই ভার নিতে পারবেন কতটুকু?-এ নিয়ে গাব্রিয়েল মনতিয়েলের সংশয় নেই একবিন্দু। বললেন, মেসিকে খুশি ও দারুণ উদ্দীপ্ত দেখছেন তিনি।

লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ার জন্য আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা শেষ হয়েছিল ২০২১ সালে। এবার দলটি যুক্তরাষ্ট্রের আসরে নামবে শিরোপা ধরে রাখার কঠিন লড়াইয়ে।

এ মুহূর্তে আর্জেন্টিনা শেষ দিকের প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত। আগামী শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। 

২০ জুন শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। উদ্বোধনী দিনেই কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘এ’ গ্রুপে নিজেদের পথচলা শুরু করবে আর্জেন্টিনা। মূল অভিযান শুরুর আগে মেসিকে হাসিখুশি দেখছেন মনতিয়েল। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার জানালেন নিজের লক্ষ্যও।

“আমি তাকে খুবই সুখী দেখছি; ভীষণ উদ্দীপ্ত দেখছি। তার সঙ্গ উপভোগ করার চেষ্টা করছি। কেননা, তিনি অনন্য একজন খেলোয়াড়। তাকে মাঠে দেখা আগে থেকেই বিশেষ কিছু।”

“আমি জিততে পছন্দ করি। শিরোপা জিততে, একজন খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে, দলে ধারাবাহিকভাবে অবদান রাখতে ভালোবাসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিরোপাই একটি অনুপ্রেরণা। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সুন্দরতম বিষয়।”

সেভিয়া থেকে গত মৌসুমে নটিংহ্যাম ফরেস্টে ধারে খেলেন মনতিয়েল। আসছে মৌসুমে নিজের ক্লাব ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এসব নিয়ে এখনই ভাবতে চান না তিনি। ভাবনার কেন্দ্রে রাখতে চান কোপা আমেরিকায় শ্রেষ্ঠত্ব।

“এখনও বিষয়গুলো আমি জানি না। এখানে এসে আজ আমি এটা শুনেছি এবং আমি চেষ্টা করছি আর্জেন্টিনা দল নিয়ে ভাবতে।”