‘৬ সপ্তাহের জন্য’ মাঠের বাইরে চেলসির চুকুয়েমেকা
হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে দলটির তরুণ এই মিডফিল্ডারের।
নতুন মৌসুমের শুরুতেই একের পর এক চোট থাবা দিচ্ছে চেলসি শিবিরে। সেই তালিকায় এবার নতুন সংযোজন কার্নি চুকুয়েমেকা। হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছে এই ইংলিশ মিডফিল্ডারের। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
চেলসি মঙ্গলবার এক বিবৃতিতে ১৯ বছর বয়সী চুকুয়েমেকার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করার কথা জানায়। ক্লাবের মেডিকেল দলের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
কতদিনের জন্য ছিটকে পড়েছেন চুকুয়েমেকা, ক্লাবের পক্ষ থেকে এসব জানানো হয়নি। বিবিসির খবর, ৬ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত বছর অ্যাস্টন ভিলা থেকে ৬ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন চুকুয়েমেকা। সবশেষ মৌসুমে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে গোলের দেখা পাননি তিনি।
এবারের মৌসুমের শুরুটা তার ভালোই হয়। গত রোববার লিগে দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পেয়ে যান কাঙ্ক্ষিত গোল।
কিন্তু ৩-১ গোলে হেরে যাওয়া ওই ম্যাচে পুরো সময় খেলতে পারেনি তিনি। হাঁটুতে চোট পাওয়া এই তরুণকে প্রথমার্ধের পর মাঠে নামাননি চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো। পরদিন করানো হয় তরুণ অ্যাটাকিং মিডিফিল্ডারের অস্ত্রোপচার।
চলতি মৌসুমে এনিয়ে চেলসির তৃতীয় খেলোয়াড় চোটে পড়লেন। এর আগে দলটির অধিনায়ক রিস জেমস ও ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।
