গুয়ার্দিওলার চাওয়া মাঠে পূরণ হচ্ছে না
গত মৌসুমেও এই একই কারণে ভুগেছে ম্যানচেস্টার সিটি, বললেন কোচ পেপ গুয়ার্দিওলা।
বার্সেলোনার ‘বি’ দলকে কোচিং করানোর সময় থেকে পেপ গুয়ার্দিওলার চাওয়া একটাই- মাঠে নিজেদের উজাড় করে দিক ফুটবলাররা। নানা কারণে গত মৌসুমের বিভিন্ন সময়ে সেটা করতে পারেননি ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। সেই সমস্যা রয়ে গেছে এখনও, যার সমাধান খুঁজছেন স্প্যানিশ কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে কেবল ৭ পয়েন্ট পেয়েছে সিটি। জয় ও পরাজয় দুটি করে, সবশেষ ম্যাচ ড্র।
গত মৌসুম ভীষণ বাজে কাটে সিটির, জিততে পারেনি কোনো বড় ট্রফি। এবার আন্তর্জাতিক বিরতির আগে হারে টানা দুই ম্যাচে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে অপরাজিত আছে গুয়ার্দিওলার দল।
লিগ কাপে বুধবার হাডার্সফিল্ডের বিপক্ষে খেলবে সিটি। আগের দিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গুয়ার্দিওলা বললেন, এখনও দলকে পথে ফেরানার উপায় খুঁজছেন তিনি।
“বার্সেলোনার দ্বিতীয় দলের হয়ে কোচিংয়ে শুরুর সময় থেকে এখন পর্যন্ত আমি একটা জিনিসই চেয়েছি- খেলোয়াড়রা যেন মাঠে সবটুকু দিয়ে লড়াই করে। গত মৌসুমে আমরা কোনো কোনো সময়ে তা করতে পারিনি। আর এই মৌসুমে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফর থেকে, আমাদের খেলায় কিছু দিক ফিরতে শুরু করেছে, মূলত যেগুলো আমাদের দলকে ফুটিয়ে তোলে।”
আর্সেনালের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে নবম মিনিটে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল সিটি। কিন্তু পরে খেই হারিয়ে ফেলে এবং যোগ করা সময়ে গোল হজম করে ড্র করে গুয়ার্দিওলার দল। ওই ম্যাচে এক পর্যায়ে ৫-৫-০ ফর্মেশনে খেলছিল সিটি। এতে সমালোচনা হলেও, তা পাত্তা দিচ্ছেন না কোচ।
“আমি গর্বিত, সন্তুষ্ট।”
“যখন এই ধরনের ব্যাপারগুলো ঘটে (আর্সেনালের বিপক্ষে গোল হজম করা), তখন আমি উড়িয়ে দিতে পারি না যে, আমরা আরও ভালো করতে পারি। হ্যাঁ, আমরা আরও ভালো করতে পারি এবং আমরা সেটা করব।”
