Published : 01 Jan 2026, 06:43 PM
দলের ছন্দহীন পারফরম্যান্সে নতুন বছরের প্রথম দিন চেলসির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এন্টসো মারেস্কা। স্ট্যামফোর্ড ব্রিজে তার প্রথম মৌসুমের শেষ ভাগে ক্লাব বিশ্বকাপ জয়ের ছয় মাসের কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়লেন তিনি।
প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে ৪৫ বছর বয়সী মারেস্কার চলে যাওয়ার কথা জানিয়েছে।
“চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনসহ চারটি প্রতিযোগিতায়ই মূল লক্ষ্য নিয়ে খেলছে দল। এন্টসো ও ক্লাব বিশ্বাস করে যে, পরিবর্তনের ফলে দলটি আবার নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনার সেরা সুযোগ পাবে।”
মারেস্কার কোচিংয়ে প্রিমিয়ার লিগে সবশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে চেলসি। নভেম্বরে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা দলটি এখন ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে।
২০২৪ সালের জুনে পাঁচ বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিয়েছিলেন মারেস্কা। তার হাত ধরে ২০২৪-২৫ মৌসুমে তিন নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় দলটি। প্রথম মৌসুমে দলকে ক্লাব বিশ্বকাপের পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগও জেতান এই ইতালিয়ান।
কিন্তু গত মাসে দলের বাজে ফর্ম যেমন ছিল, তেমনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কেরও অবনতি হয় বলে ইংলিশ গণমাধ্যমে খবর আসে। ডিসেম্বরের মাঝামাঝি প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারানোর পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন মারেস্কা। চার ম্যাচের মধ্যে চেলসির প্রথম জয় ছিল সেটি। ম্যাচের পর কোচ বলেন, আগের ৪৮ ঘণ্টা ছিল এই ক্লাবে যোগ দেওয়ার পর তার সবচেয়ে বাজে ৪৮ ঘণ্টা, কারণ অনেকেই তাকে ও দলকে সমর্থন করেননি।
‘অনেকে’ বলতে কারা, সেটি তিনি পরিষ্কার করেননি। তবে তার মন্তব্যে পরিস্থিতি হয়ে ওঠে টালমাটাল। ক্লাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেওয়া হয়।
এভারটন ম্যাচের পর লিগে তিন ম্যাচ খেলে আর জয়ের স্বাদ পায়নি চেলসি। মারেস্কা অধ্যায়ও এখন শেষ হয়ে গেল।
আগামী রোববার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। সেই ম্যাচে কে দায়িত্ব নেবে, তা এখনও জানায়নি ক্লাবটি।