স্পেনের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ক্ষমা চাইলেন ক্রোয়াট কোচ
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের আশা, দ্রুতই ঘুরে দাঁড়াবে তার দল।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে হাজারো দর্শক এসেছিলেন ক্রোয়েশিয়ার জয় দেখতে। উল্টো হজম করতে হলো স্পেনের বিপক্ষে দলের বড় হার। তাদের জন্য বেশ খারাপই লাগছে জ্লাতকো দালিচের। দলের বিবর্ণ পারফরম্যান্সের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রোয়েশিয়া কোচ।
২০১৮ বিশ্বকাপে লুকা মদ্রিচদের ফাইনালে নিয়ে গিয়েছিলেন দালিচ। চার বছর পর সেমি-ফাইনালে। এবার ইউরোয় পথচলা শুরু হলো ৩-০ গোলে হেরে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই পারফম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করলেন ৫৭ বছর বয়সী কোচ।
“দারুণ একটা আবহ ছিল। আজকের বাজে পারফরম্যান্সের জন্য আমি ক্ষমা চাইছি। আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না।”
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপের সাফল্য ইউরোয় নিয়ে আসতে চাচ্ছে ক্রোয়েশিয়া। ইউরোপ সেরার মঞ্চে এখনও নক আউট পর্বে কোনো ম্যাচ জিততে না পারা দলটি এবারের আসরের শুরুটা হয়েছে নিদারুণ হতাশায়।
স্পেনের বুদ্ধিদীপ্ত আক্রমণের সামনে টিকতেই পারেনি ক্রোয়াটরা। ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দালিচের দল।
মাঠে ছিল স্পেনের রাজত্ব। তবে গ্যালারি ছিল যে ক্রোয়াটদের দখলে। অনুপাত ছিল প্রায় ১০: ১। তবে ভক্তদের এই সমর্থনেও মাঠে জ্বলে উঠতে পারেনি দল। স্পেন সহজেই চাপ সামাল দিয়ে এগিয়ে যাওয়ার পর যেন নিজেদের ছায়া হয়েছিল ক্রোয়েশিয়া।
দালিচের আশা দ্রুতই এই ম্যাচের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে দল, “আশা করি এটা কেবল একটি বাজে দিন।”
শিরোপাধারী ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আলবেনিয়ার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। দালিচ জানান, এই দুই ম্যাচে সতেজ পেতেই দ্বিতীয়ার্ধে ৩৮ বছর বয়সী মদ্রিচকে তুলে নিয়েছিলেন তিনি।
