সালাহ-জটার গোলে জয়ে শুরু লিভারপুলের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপ্সউইচ টাউনের শুরুটা সুখকর হলো না।
প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর চমৎকার ফুটবল উপহার দিল লিভারপুল। গোল করলেন ও করালেন মোহামেদ সালাহ। ইপ্সউইচ টাউনকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করল আর্না স্লটের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম রাউন্ডে ২-০ গোলে জিতেছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে দিয়োগো জটা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সালাহ।
২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপ্সউইচের শুরুটা সুখকর হলো না। লিভারপুলে স্লটের পথচলার শুরুটা হলো রঙিন। গত মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব ছাড়ার পর কোচ করে আনা হয় স্লটকে।
প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিল লিভারপুলের আক্রমণভাগ। এই সময়ে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে তারা, যার একটিও লক্ষ্যে ছিল না। সেরা সুযোগটা পায় তারা প্রথমার্ধের যোগ করা সময়ে। তবে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
সেই তুলনায় প্রথমার্ধে ভালো খেলে ইপ্সউইচ। তাদের চার শটের দুটি লক্ষ্যে ছিল। ২০তম মিনিটে জ্যাকব গ্রিভসের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক আলিসন। ১০ মিনিট পর ওমারি হাটচিনসনের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান এই ব্রাজিলিয়ান।
দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দময় ফুটবল উপহার দেয় লিভারপুল। এই অর্ধে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে সফরকারীরা।
৬০তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের থ্রু বল ধরে সালাহ পাস দেন ছয় গজ বক্সের বাইরে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড জটা।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। দমিনিক সোবোসলাইয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড একার করে নিলেন সালাহ (৯)। তিনি ছাড়িয়ে গেলেন অ্যালান শিয়েরার (৮), ওয়েইন রুনি (৮) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (৮)।
৭১তম মিনিটে আরেকটি সুযোগ পান সালাহ। সোবোসলাইয়ের থ্রু বল ধরে তার শট ঠেকান স্বাগতিক গোলরক্ষক।
শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পায় লিভারপুল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা মেলেনি।
