১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ফাহামিদুল, ৪ জুন আসবেন সামিত

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরে সেরি ‘ডি’ তে খেলা এই ফরোয়ার্ড টিম হোটেলে উঠেছেন।

ঢাকায় ফাহামিদুল, ৪ জুন আসবেন সামিত
জাতীয় দলের ক‍্যাম্পে যোগ দিতে ঢাকা এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। ছবি: ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 03:22 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এরপর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ইতালি থেকে ঢাকায় ফিরেছেন ফাহামিদুল ইসলাম। ইতালির সেরি ‘ডি’ তে খেলা এই ফরোয়ার্ড প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে সতীর্থদের সাথে প্রস্তুতি নিবেন।

এর আগেও ক্যাম্পে ফাহামিদুলকে ডেকেছিলেন হাভিয়ের কাবরেরা। তবে সেটি ছিল সৌদি আরবে চলা ক্যাম্পে। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ উপলক্ষে সৌদি আরবের ক্যাম্পে সতীর্থদের সাথে যোগ দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে সেখান থেকে ইতালি ফিরে যেতে হয়।

ফাহামিদুলের ইতালি ফিরে যাওয়া ওই সময় নানা বিতর্কের জন্ম দিয়েছিল। এমন খবরও চাউর হয়েছিল, দলের অভ্যন্তরের ‘সিন্ডিকেট’ এর কারণে তাকে জায়গা দিতে পারেননি কাবরেরা। কোচ অবশ্য পরে এই বিতর্ক নিয়ে বলেছিলেন, ‘আমিই তাকে ক্যাম্পে ডেকেছিলাম, আমিই তাকে বাদ দিয়েছি।’

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ বাংলাদেশ। মূলত সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখেই ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ডকে প্রাথমিক দলে রেখেছেন কাবরেরা।

ইতালি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গণমাধ্যমকে ফাহামিদুল নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, বাংলাদেশের হয়ে ‘সর্বোচ্চ চেষ্টা’ করার কথা। পাশে থাকা সমর্থকদেরও জানিয়েছেন ধন্যবাদ।

ইতালি থেকে বুধবার সকালে ঢাকায় ফিরে বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হয়েছেন ফাহামিদুল। এরপর সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিনি উঠেছেন বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। ফাহামিদুলের মতো আরেক প্রবাসী সামিত সোম কানাডা থেকে আগামী বুধবার ঢাকায় ফিরবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

“সামিত আগামী ৪ জুন ভোরে ঢাকায় আসবেন। একই দিন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আছে আমাদের। খুব সম্ভবত ভুটানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না সামিত। সিঙ্গাপুর ম্যাচে তাকে দেখা যেতে পারে, যদি কাবরেরা চান।”

বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত- বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।