‘এই বছর ব্যালন দ’র ভিনির চেয়ে বেশি আর কারও প্রাপ্য নয়’
ব্যালন দ’র জিততে কোপা আমেরিকাতেও ভিনিসিউসকে জ্বলে উঠতে সহায়তা করবেন সতীর্থরা, বললেন ব্রাজিলের তরুণ প্রতিভা এন্দ্রিক।
ক্লাব মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন ভিনিসিউস জুনিয়র। এখন স্রেফ চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমের শেষটা রাঙানোর অপেক্ষা। সম্ভাব্য ব্যালন দ’র জয়ী হিসেবেও তার নাম আসছে বারবার। তরুণ প্রতিভা এন্দ্রিক তো এই লড়াইয়ে ভিনিসিউসের ধারেকাছে কাউকে দেখেন না। সামনে কোপা আমেরিকাতেও তাকে জ্বলে উঠতে সতীর্থরা সবটুকু চেষ্টা করবেন বলে কথা দিলেন ব্রাজিলের বিস্ময় বালক এন্দ্রিক।
এই মৌসুমে চোটের কারণে বেশ কিছু ম্যাচে খেলতে না পারলেও রেয়াল মাদ্রিদের লা লিগা জয়ে বড় অবদান ছিল ভিনিসিউসের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসার পথেও তার ছিল উল্লখযোগ্য অবদান। তাতেই সতীর্থ জুড বেলিংহ্যামের সঙ্গে ভিনিসিউসের নাম উঠে আসছে ব্যালন দ’র জয়ের লড়াইয়ে।
তবে শুধু ক্লাবের হয়ে পারফরম্যান্সই নয়, এবার ব্যালন দ’র জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ইউরো ও কোপা আমেরিকায় ফুটবলারদের পারফরম্যান্সও। কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করতে ভিনিসিউসের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিল।
ব্রাজিলের হয়ে ভিনিসিউসের সঙ্গে খেলার অভিজ্ঞতা এর মধ্যেই হয়ে গেছে এন্দ্রিকের। গত মার্চে ভিনিসিউসের পাস থেকেই ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে জেতানো গোলটি করেন এন্দ্রিক। কিছুদিন পরে তারা হবেন ক্লাব সতীর্থ। রেয়ালের জার্সিতে দুজন একসঙ্গে মাঠে নামবেন প্রতিপক্ষের রক্ষণ তছনছ করতে। তবে আগে থেকেই ভিনিসিউসের গুণমুগ্ধ এন্দ্রিক।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে শেষ ম্যাচের আগে রয়টার্সকে এন্দ্রিক বললেন, ভিনিসিউসকে ব্যালন দ’র জেতাতে চেষ্টার কমতি থাকবে না তাদের।
“ভিনি একটা উদাহরণ। একজন তারকা। এই বছর ব্যালন দ’র তার চেয়ে বেশি আর কারও প্রাপ্য নয়। আমার মনে হয়, কোপা আমেরিকায় আমাদের দলে আমরা শুধু শিরোপা জয়ের চেষ্টাই করব না, তাকে এই পুরস্কার পেতে সহায়তা করার চেষ্টাও করব সবাই।”
ভিনিসিউস ছাড়াও ব্রাজিলের রদ্রিগো, দিয়োগো মিলিতাও আছে রেয়ালের স্কোয়াডে। এন্দ্রিকের চাওয়া, তাদের কারও গোলেই যেন শিরোপা জেতে ক্লাব। “রেয়ালকে শনিবার জিততেই হবে। আমাকে যদি ভবিষ্যদ্বানী করতে বলা হয়, আমি বলব রেয়াল জিতবে এবং আশায় বুক বেঁধে আছি যে, জয়সূচক গোলটি একজন ব্রাজিলিয়ান করবে।”
