অস্ট্রেলিয়ার জন্য সবকিছু কঠিন করে তুলতে চান বাংলাদেশ কোচ
প্রথম লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হলেও, সেটা নিয়ে খুব বেশি ভাবতে চান না হাভিয়ের কাবরেরা।
শক্তি-সামর্থ্যে এশিয়ার শীর্ষ দলগুলোর একটি অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম লেগে তাদের বিপক্ষে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। সব বিবেচনাতেই দুই দলের ব্যবধান অনেক। অধিনায়ক জামাল ভূইয়ার কণ্ঠেও সেটা পরিষ্কার। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা শক্তিশালী প্রতিপক্ষের জন্য সবকিছু কঠিন করে তুলতে চান।
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে আগামী বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘আই’ গ্রুপের টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তলানিতে থাকা বাংলাদেশ। প্রথম লেগে তাদের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল কাবরেরার দল।
বাছাইয়ে শেষ দুই ম্যাচ সামনে রেখে শনিবার ক্যাম্পে যোগ দিয়েছেন প্রাথমিক দলে থাকা ২৬ ফুটবলারের সবাই। টিম ম্যানেজার আমের খান জানালেন, রোববার শুরু হবে মাঠের অনুশীলন।
“সবাই চলে এসেছে, খুবই সংক্ষিপ্ত ক্যাম্প। এত স্বল্প সময়ের ক্যাম্প আমরা এর আগে করিনি। স্কোয়াডে খেলোয়াড়ও কম, মাত্র ২৬ জন আছে। এদের মধ্যে ২৪ জনকে নিয়ে কোচ চূড়ান্ত দল সাজাবে। সবাই চলে এসেছে, জিম ইতোমধ্যে শুরু হয়েছে। কাল থেকে শুরু হবে মাঠের প্রস্তুতি।”
পার্থে প্রথম লেগের বড় হার নিয়ে পড়ে থাকতে চান না কাবরেরা। নিজেদের মাঠে আসছে ম্যাচটিকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন তিনি।
“নিশ্চিতভাবে দুই ম্যাচেই আমাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ (অস্ট্রেলিয়া ও লেবানন)। আমরা সামনের চ্যালেঞ্জ ও নিজেদের সামর্থ্য নিয়ে খুবই ইতিবাচক। এশিয়ার শীর্ষ দল, বিশেষ করে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ পাওয়া দারুণ ব্যাপার। তাদের বিপক্ষে ঘরের মাঠে খেলা আমাদের জন্য, খেলোয়াড়দের-সমর্থকদের জন্য বড় সুযোগ। নিশ্চিতভাবেই আমরা সুযোগ নেব। আশা করি, অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ কঠিন করে তুলতে পারব আমরা।”
কদিন আগেই শেষ হয়েছে প্রিমিয়ার লিগ। খেলোয়াড়রা ছিলেন খেলার মধ্যে। লিগ শেষ হয়ে যাওয়ায় সবাই বাছাইয়ের ম্যাচে পূর্ণ মনোযোগ দিতে পারবে বলে মনে করেন অধিনায়ক জামাল।
“ইনশাল্লাহ ভালো (ম্যাচ) হবে। এখন লিগ শেষ হয়ে গেছে, ফলে পুরো মনোযোগ জাতীয় দল নিয়ে। প্রথমে অস্ট্রেলিয়া ম্যাচ, পরে লেবানন। আমরা জানি, অস্ট্রেলিয়া ম্যাচ কঠিন হবে, তবে আমরা চেষ্টা করব।”
“হোম ম্যাচে অবশ্যই একটা সুবিধা আছে। কারণ, অস্ট্রেলিয়ার জন্য নতুন পরিবেশ, ভিন্ন আবহাওয়া, আরও অনেক বিষয় আছে, আমাদের ফ্যান-সাপোর্টার আছে, বাড়তি আত্মবিশ্বাস, অনুপ্রেরণা আছে, তাই আমি মনে করি, সব খেলোয়াড় এই ম্যাচ নিয়ে অনুপ্রাণিত।”
দলে ঠাঁই পাননি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। চোটের কারণে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। নতুন মুখ একজন- মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। জিকো ইস্যুতে কোনো মন্তব্য নেই জামালের।
“ব্যক্তিগতভাবে আমি মনে করি, জিকো চমৎকার গোলকিপার। উনি অনেক ভালো, আমার মনে হয়, চার-পাঁচ বছর জাতীয় দলে আমার সাথে ছিল। এখন তো জিকো নাই- এই সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিয়েছে। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।”
“এই সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে। তবে আমি মনে করি, খুবই ভালো দল গড়া হয়েছে, যারা আছে, তারা সবাই পারফর্ম করেছে। ভালো এফোর্ট দিয়েছে।”
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জামাল-মিতুলরা লেবাননের বিপক্ষে খেলবেন ১১ জুন।
