২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বার্সায় ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন আনচেলত্তি

বরাবরের মতো মেসিকে পছন্দ করেন বলেও জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 09:38 PM

Updated : 24 Apr 2023, 09:38 PM

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার শেষ নেই। এবার এই ইসুতে প্রশ্নের মুখে পড়লেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আগের মতোই তিনি বললেন মেসি তার পছন্দের খেলোয়াড়, কিন্তু বার্সেলোনায় আর্জেন্টাইন মহাতারকার ফেরার ইস্যুটি এড়িয়ে গেলেন বেশ কৌশলীভাবে। 

২০২১ সালে প্রিয় বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের দল পিএসজিতে পাড়ি জমান মেসি। সেই থেকে তার কাম্প নউয়ে ফেরার সম্ভাবনা নিয়ে কথা চলছে তো চলছেই। দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনার কোনো খবর যদিও আসেনি এখনও।

মেসির জন্য দুয়ার খোলা-বার্সেলোনার কর্মকর্তারা প্রায় সময় এ কথা বলার পাশাপাশি ক্লাবের আর্থিক সংকটের বিষয়টিও তুলে ধরেন। তবে ওই সংকট সামলে বিশ্বকাপ জয়ী তারকাকে ফেরানোর জন্য ক্লাবটি কোন খেলোয়াড় বিক্রি করবে, কোন পথ নিবে-এসব নিয়েও গণমাধ্যমে খবর আসে নিয়মিত। শুধু গুঞ্জনের নিষ্পত্তি হয় না। 

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনচেলত্তি ঠারেঠুরে বুঝিয়ে দিলেন, বার্সেলোনার বিষয়ে নাক গলাতে চান না তিনি। 

“মেসি যা ইচ্ছা করতে পারে, বার্সেলোনাও যা ইচ্ছা করতে পারে। এটা আমার ইস্যু নয়। তবে আমি মেসিকে পছন্দ করি।” 

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করা মেসি ভুরিভুরি রেকর্ডও গড়েছেন ক্লাবটির জার্সিতে। কৈশোর থেকে বেড়ে ওঠা কাতালুনিয়ার ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা।