২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোর দল নিয়ে দোটানায় আনচেলত্তি

ভাইয়াদলিদের বিপক্ষে আক্রমণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সে মধুর সমস্যায় পড়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 03:58 PM

Updated : 03 Apr 2023, 04:12 PM

সাত মিনিটের হ্যাটট্রিকে আলো ছড়ানো করিম বেনজেমার পাশে জালের দেখা পেলেন আক্রমণভাগের আরও দুজন; রদ্রিগো ও মার্কো আসেনসিও। আরেক ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র গোল না পেলেও ছিলেন কার্যকর। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ফরোয়ার্ডদের এমন দাপুটে পারফরম্যান্সের পর মধুর এক সমস্যায় পড়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আসছে ক্লাসিকোয় কাকে রেখে কাকে খেলাবেন, তা নিয়ে দোটানায় আছেন তিনি।

লা লিগায় রোববার রাতে ৬-০ গোলে জেতে মাদ্রিদের দলটি। রদ্রিগোর গোলের পর বেনজেমার হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর স্কোরলাইনে নাম লেখান আসেনসিও ও লুকাস ভাসকেস। দুটি অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস।

রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী বুধবার, বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে।

প্রথম লেগে ১-০ গোল হেরেছিল আনচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গত কয়েক ম্যাচে রিয়ালের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিনবারের দেখাতেই হেরেছে তারা। তাতে রিয়াল গোল করতে পেরেছে মাত্র দুটি, বিপরীতে হজম করেছে ৬টি।

তবে আসছে ক্লাসিকোর আগে ভাইয়াদলিদের বিপক্ষে দল যেভাবে খেলেছে, তাতে আশাবাদী হতেই পারে রিয়াল। বড় জয়ের পাশাপাশি বেনজেমা-রদ্রিগোদের ছন্দে থাকা ইতিবাচক দিক।

ম্যাচটির পর সংবাদ সম্মেলনে আক্রমণের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। ৬৩ বছর বয়সী কোচ মনে করেন, এই ম্যাচের দলে থাকা সবাই ক্লাসিকোতেও খেলার দাবিদার।

“আমরা ৪-৪-২ ফরমেশনে শুরু করেছিলাম এবং এরপর আমরা রদ্রিগোর পজিশনে বদল আনি… (মার্কো) আসেনসিও আরও স্বাধীনতা নিয়ে খেলেছে। এটা আসলে নির্ভর করে প্রতিপক্ষের খেলার ধরনের ওপর। প্রথমার্ধে রদ্রিগোকে মাঝে খেলানোর চেয়ে উইংয়ে রাখাই ভালো ছিল, কারণ উইঙ্গারকে আটকাতে তাদের সমস্যা হচ্ছিল।”

“(আক্রমণের) সামনের চারজন খেলোয়াড় সব দিক দিয়েই ভালো করেছে। করিম সাত মিনিটে তিনটি গোল করেছে এবং এর অর্থ হল (আন্তর্জাতিক) বিরতিতে সে যে কাজ করেছে, তা খুব কাজে এসেছে। রদ্রিগো খুব ভালো অবস্থায় আছে। বুধবারের (ক্লাসিকো) জন্য লাইনআপ বেছে নেওয়া খুব কঠিন হবে… এটি কোনো সাধারণ ম্যাচ নয়, কারণ আমরা লড়াইয়ে পিছিয়ে আছি এবং আমাদের কিছু একটা করতে হবে। ম্যাচটা ১২০ মিনিটের হতে পারে।”