ভিনিসিউস ও রোনালদোর জন্য রিয়ালকে বেছে নিয়েছেন এন্দ্রিক
ব্রাজিলের তরুণ এই প্রতিভা বললেন, ২০২৪ এর আগ পর্যন্ত দূর থেকে রিয়ালকে শুভকামনা জানাবেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবলের নতুন সেনসেশন এন্দ্রিক ফেলিপেকে পেতে আগ্রহী ছিল ইউরোপের কয়েকটি বড় ক্লাব। তার মধ্য থেকে রিয়াল মাদ্রিদকে বেছে নেওয়ার কারণ জানালেন এই টিনএজার। সেখানে বন্ধু ভিনিসিউস জুনিয়রের উপস্থিতি আর আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদো দলটিতে খেলার কারণেই রিয়ালের প্রতি আগ্রহী হন পালমেইরাসের এই তরুণ প্রতিভা।
গত ১৫ ডিসেম্বর দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এখনই অবশ্য রিয়ালে দেখা যাবে না এন্দ্রিককে। ২০২৪ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দিবেন তিনি। কারণ, ফিফার আইনে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় বিদেশি লিগে খেলতে পারবেন না। ২০২৪-এর ২১ জুলাই ১৮ বছর পূর্ণ হবে এন্দ্রিকের ।
প্রতি বছর ব্রাজিলিয়ান গ্রেট জিকো দেশে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করে থাকেন। মারাকানা স্টেডিয়ামে বুধবার ওই ম্যাচে ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে তিনটি গোল করেন ১৬ বছর বয়সী এন্দ্রিক।
ম্যাচ শেষ স্প্যানিশ ক্রীড়া বিষয়ক পত্রিকা মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শোনান রিয়ালে খেলার হাতছানিতে উচ্ছ্বাসের কথা।
“আমি খুব খুশি। ঈশ্বরের প্রতি আমি কৃতজ্ঞ, তবে এখন আমি মাটিতেই পা রাখছি। এখনও আমি কিছুই জিতিনি। বর্তমানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভবিষ্যতের সবকিছু ঈশ্বরের হাতে। ২০২৪ সালে যখন আমি রিয়ালে যাব, তখন আশা করি সেখানে ভালো সময় কাটবে।”
“এখন আমি পালমেইরাসে আছি, তবে দূর থেকে আমি রিয়ালকে সমর্থন দেব। আশা করি, আমার বন্ধু ভিনিসিউস জুনিয়রের দারুণ একটা মৌসুম কাটবে, সেখানে এদের (মিলিতাও), রদ্রিগোও আছে… এবং প্রার্থনা করি রিয়াল মাদ্রিদ যেন আরও অনেক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিততে পারে।”
এরপর এন্দ্রিক জানান, তার রিয়ালকে বেছে নেওয়ার কারণ, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে আদর্শ মানার কথা।
“রিয়াল মাদ্রিদ অনেক বড় দল। ভিনি আমাকে বার্তা পাঠিয়েছিলেন এবং আশা জুগিয়েছিলেন। আমার আদর্শ ক্রিস্তিয়ানোও, তিনি অনেক বছর রিয়ালে খেলেছেন। এই কারণে আমি রিয়াল মাদ্রিদকে পছন্দ করেছি এবং আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং তিনি বলেছেন, এটাই সেরা পথ।”
