‘নিজের ওপর ক্ষুব্ধ’ ভিনিসিউসের ছন্দে ফেরার পণ
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আত্মবিশ্বাসী, কঠিন এই সময় কেটে যাবে, আবার স্বরূপে ফিরবেন তিনি।
সময় একদমই ভালো যাচ্ছে না ভিনিসিউস জুনিয়রের। রেয়ালের মাদ্রিদের হয়ে পারছেন না প্রত্যাশা মেটাতে। এতে নিজের ওপর ক্ষুব্ধ তিনি। তবে আবারও সেরা ছন্দে ফিরতে প্রত্যয়ী তারকা ফরোয়ার্ড।
চলতি মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে একটি গোল করতে পেরেছেন ভিনিসিউস, অবদান রেখেছেন তিনটি গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচেও নিষ্প্রভ ছিলেন ভিনিসিউস। ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জুজে মরিনিয়ো। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায়, স্বরূপে ফেরার প্রত্যয় জানান ভিনিসিউস।
“আমি বলছি না, আমি উদ্বিগ্ন। তবে নিজের সেরা অবস্থায় না থাকায় আমি নিজের ওপর ক্ষুব্ধ। শেষ পর্যন্ত, ভিনি সবসময়ই ফিরে আসে। আমি এ ব্যাপারে নিশ্চিত।
“আমার জন্য এটা কঠিন সময়, কিন্তু আমাকে কাজ চালিয়ে যেতে হবে। সব ঠিক হয়ে যাবে। আমি জানি, এই মুহূর্তে আমি নিজের সেরা অবস্থায় নেই, কিন্তু আগেও আমি বাজে সময়ের মধ্য দিয়ে গেছি এবং ঘুরে দাঁড়াতে পেরেছি।”
রেয়ালে নিজের নবম মৌসুম কাটাচ্ছেন ২৬ বছর বয়সী ভিনিসিউস। এই গ্রীষ্মে করা নতুন চুক্তিতে ২০৩২ পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকছেন তিনি।
“খুব কম বয়সে, মাত্র ১৮ বছর বয়সে (মাদ্রিদে) এসেছিলাম এবং আমি সবসময়ই এই ক্লাব ও দলের জন্য বুক চিতিয়ে লড়েছি। যখন আমার বয়স ১৮ ছিল, তখন অনেকেই আমাকে নিয়ে হেসেছিল, বলেছিল আমি কোনো গোল করতে পারব না- আর আজ, এই জার্সিতে আমার একশর বেশি গোল আছে।
“অনেক শিরোপাও জিতেছি... সেগুলোর নাম বলার দরকার নেই। অনেকেই আমাকে নিয়ে সন্দিহান ছিলেন, তবুও আমি সবসময় এই ক্লাবের হয়ে পারফর্ম করছি। আর এই কারণেই আমি আরও ছয় বছরের জন্য নতুন চুক্তি করেছি। ভালো সময় ফিরে আসবে এবং গোলও আসবে। এ ব্যাপারে আমি নিশ্চিত, আমার মনে কোনো সন্দেহ নেই।”
এই সপ্তাহটা ভিনিসিউসের জন্য আরও কঠিন কাটছে। গত শনিবার ভিয়ারেয়াল ডিফেন্ডার ন্যাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেন তিনি। বুধবার তাকে লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। তাতে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষেও ক্লাসিকোয় খেলতে পারবেন না তিনি।
