ডর্টমুন্ডের চেয়ে রেয়াল মাদ্রিদে এখনই ‘১০ গুণ ভালো’ বেলিংহ্যাম
বেলিংহ্যাম নিজেই বলছেন, মাদ্রিদে এই অল্প সময়েই আগের মৌসুমের চেয়ে অনেক অনেক উন্নতি করে ফেলেছেন তিনি।
মৌসুমের স্রেফ দুটি ম্যাচ গিয়েছে। আর ছিল প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের কিছু ম্যাচ। ব্যস, রেয়াল মাদ্রিদে এইটুকুই অভিজ্ঞতা জুড বেলিংহ্যামের। কিন্তু নিজের খেলায় এখনই ঢের উন্নতি অনুভব করছেন তিনি। রেয়ালের এই প্রতিভাবান ইংলিশ তরুণ নিজেই বলছেন, আগের মৌসুমের চেয়ে এর মধ্যেই ১০ গুণ বেশি ভালো হয়ে উঠেছেন তিনি।
নিজের কথার প্রমাণ অবশ্য দিচ্ছেন তিনি মাঠের পারফরম্যান্সেই। উন্নতির ছাপ রাখছেন প্রতি ম্যাচেই। বরুশিয়া ডর্টমুন্ড থেকে যে আশায় তাকে দলে নিয়েছে রেয়াল, প্রাক-মৌসুমের ম্যাচগুলিতেই তা পূরণ করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। লা লিগা শুরু হওয়ার পরও ২০ বছর বয়সী মিডফিল্ডার দেখিয়ে যাচ্ছেন নিজের প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ।
রেয়ালের জার্সিতে লিগ অভিষেকেই নান্দনিক এক গোল করেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেও তিনি জয়ের নায়ক। আলমেরিয়ার বিপক্ষে শনিবার রেয়ালের ৩-১ গোলের জয়ে দুটি গোল করেন তিনি, সহায়তা করেন বাকি গোলটিতে। দুই ম্যাচেই তিনি ম্যান অব দা ম্যাচ।
সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার, ডর্টমুন্ড থেকে রেয়ালের মতো ক্লাবে এসে মানিয়ে নিতে সময় নেননি তিনি একটুও। এখনই তাকে দেখলে মনে হয়, যেন অনেক দিন ধরেই এই রেয়াল দলের অংশ তিনি!
আলমেরিয়ার সঙ্গে ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ টিভিকে বেলিংহ্যাম বললেন, এই দলের সঙ্গে থেকেই দ্রুত উন্নতি হচ্ছে তার খেলায়।
“আমার মনে হয়, খেলোয়াড় হিসেবে গত মৌসুমের চেয়ে আমি ১০ গুণ ভালো এখন। এই ফুটবলারদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি আমি। এখানে খেলার মান এতটা উঁচুতে…আমি অনেকটা স্পঞ্জের মতো, সবটুকু শুষে নেওয়ার চেষ্টা করছি।”
আলমেরিয়ার বিপক্ষে এ দিন ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে রেয়াল। রেয়ালের একাডেমিতে বেড়ে উঠে মূল দলে খেলে এই মৌসুমেই আলমেরিয়াতে যোগ দেওয়া সের্হিও আরিবাস দলকে এগিয়ে নেন হেড থেকে গোল করে।
১৯তম মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রেয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে টনি ক্রুস দারুণ শটে বল জালে পাঠালেও আগেই ফাউল হওয়ায় ভিএআর দেখে তা গোল দেননি রেফারি। দ্বিতীয়ার্ধে হেডে গোল করে রেয়ালকে এগিয়ে নেন বেলিংহ্যাম। পরে তার কাছ থেকে বল পেয়েই বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে রেয়ালকে আরও এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের পর বেলিংহ্যাম বললেন, পিছিড়ে পড়লেও হারের শঙ্কা একটুও জাগেনি তার। রেয়াল মাদ্রিদের ডিএনএ যে ভালোভাবেই জানা আছে তার!
“ছেলেবেলা থেকেই অনেকবার দেখেছি টিভিতে (পিছিয়ে পড়েও রেয়ালের ফিরে আসা)… মনে আছে, অনেকবারই আমার মনে হয়েছে, ‘এবার আর ওরা পারবে না’, কিন্তু ঠিকই শেষ পর্যন্ত পেরে গেছে। এখন আমি এখানে এবং নিজেই এটার স্বাক্ষী হচ্ছি। একবারের জন্যও আমার মনে হয়নি যে হারতে পারি। সতীর্থদের মুখের দিকে তাকিয়ে কখনোই অস্থিরতার কোনো ছাপ দেখিনি।”
কোচ কার্লো আনচেলত্তি এর মধ্যেই কয়েক দফায় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বেলিংহ্যামের। এই ম্যাচের পারফরম্যান্সের পর আরও প্রশংসা তো অবধারিতই।
“ওর খেলা যতটা পরিণত, এটিই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, পাশাপাশি ওর ব্যক্তিত্ব। জার্মানিতে তিন বছর খেলে এসেছে। এসব কারণেই সে লা লিগায় এবং আমাদের খেলার ধরনের সঙ্গে এত ভালো মানিয়ে নিয়েছে। খুবই ভালো করছে সে।”
