১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষ রাউন্ডের হারে তুরস্কে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না ফাহাদ

শেষ রাউন্ডে জিততে পারলে গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য দ্বিতীয় নর্ম পেতেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

শেষ রাউন্ডের হারে তুরস্কে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না ফাহাদ
চাল দেওয়ায় মগ্ন ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান। ছবি: বাংলাদেশ দাবা ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 04:56 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

২০২৪ সালে প্রথম নর্ম পাওয়ার থেকে দ্বিতীয়টির জন‍্য অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ ফাহাদ রহমানের। তুরস্কের ইস্তাম্বুলে ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টারস দাবায় শেষ রাউন্ডের হারে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টারস দাবায় সিরিজ-১ এর শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আসজেল গারগেলির বিপক্ষে হারেন ফাহাদ। ফলে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তিনি হন রানার্সআপ।

এই টুর্নামেন্ট থেকে নর্ম পেতে হলে ফাহাদের নয় খেলায় প্রয়োজন ছিল ৭ পয়েন্ট। তিন রাউন্ড জিতে দারুণ শুরুও করেছিলেন তিনি। চতুর্থ রাউন্ডে ইরানের গ্র্যান্ডামাস্টার আরিয়ান ঘোলামির সাথে ড্রয়ের পর পঞ্চম রাউন্ডে ফাহাদ হেরে যান তুরস্কের ফিদে মাস্টার দেনিস দিরিকোলুর কাছে। 

এই ধাক্কা সামলে পরের তিন রাউন্ডে ২.৫ পয়েন্ট তুলে নর্মের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন ফাহাদ। লক্ষ্যপূরণ করতে নবম রাউন্ডে তার প্রয়োজন ছিল জয়, কিন্তু হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারাতে পারেননি তিনি। বরং প্রতিযোগিতায় দ্বিতীয় হারের তেতো স্বাদ পান।

তুরস্কের এই প্রতিযোগিতা থেকে ফাহাদ ১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।