২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনেই বার্সেলোনার কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত শাভির

ভিয়ারেয়ালের বিপক্ষে হারের পর হঠাৎ করেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 01:46 PM

Updated : 28 Jan 2024, 05:43 PM

স্প্যানিশ সুপার কাপ হাতছাড়া হওয়ার পর কোপা দেল রে থেকেও ছিটকে গেছে দল। লা লিগার মুকুট ধরে রাখার সম্ভাবনাও পড়ে আছে প্রশ্নের মুখে। এমন প্রতিকূলতার মুখে আচমকাই বার্সেলোনার হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাভি এর্নান্দেস! 

সিদ্ধান্তটা শাভি জানালেন ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচের পরই। অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লা লিগার ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৫-৩ ব্যবধানে হেরে যায় তার দল। এই হারে লিগ টেবিলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইল বার্সেলোনা। মানেটাও পরিষ্কার, লিগ শিরোপা জয়ের পথটা আরও কঠিন হয়ে গেল কাতালুনিয়ার দলটির জন্য। 

চলতি লা লিগায় এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৩ জয়ের বিপরীতে বার্সেলোনার হার তিন ম্যাচে। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পাঁচটিতে। সবশেষ ভিয়ারেয়ালের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পা পিছলে বার্সেলোনা পড়ে গেছে খাদে। 

এরপরই সংবাদ সম্মেলনে এসে সবাইকে হতবাক করে দিয়ে বার্সেলোনার হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালেন শাভি। অবশ্য এখনই নয়, মৌসুম শেষেই প্রিয় দলের দায়িত্ব ছাড়বেন তিনি।

“৩০ জুন আমি ক্লাব ছাড়ব। এই সিদ্ধান্ত নিয়ে আমি ক্লাব সভাপতি এবং স্টাফদের সঙ্গে আলোচনা করেছি। বার্সেলোনার পথচলায় পরিবর্তন প্রয়োজন।” 

“আমি মনে করি, আমার এই সিদ্ধান্ত পরিবর্তন আনতে বার্সেলোনাকে সাহায্য করবে এবং আমি এখনও বিশ্বাস করি, ভালো একটা মৌসুম কাটাতে পারি আমরা। নিজের চেয়ে আমাকে ক্লাবকে নিয়ে বেশি ভাবতে হবে।” 

বার্সেলোনার সাথে শাভির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। কিন্তু আগেভাগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই আঙিনাতেই খেলোয়াড় হিসেবে সোনালী সময় কাটানো সাবেক এই মিডফিল্ডার। 

একাডেমি লা মেসাইয়াতে বেড়ে ওঠা শাভি বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপার স্বাদই নিয়েছেন। ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি কোপা দেল রে, দুটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপসহ জিতেছেন আরও অনেক শিরোপা। 

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা শাভি বার্সেলোনার কোচের দায়িত্ব কাঁধে তুলে নেন ২০২১ সালে। এই সময়ের মধ্যে তার হাত ধরে একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনা।

চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদের কাছে হেরে মুকুট হারায় বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে ছিটকে যায় কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে। 

সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও ক্লাব কর্তৃপক্ষ পাশে ছিল শাভির। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রশ্নে কদিন আগে বার্সেলোনার পরিচালক ডেকো বলেছিলেন, শাভিই দায়িত্ব চালিয়ে যাবেন। কিন্তু ভিয়ারেয়াল ম্যাচের পরই বিদায়ের সিদ্ধান্ত শাভি জানিয়ে দিলেন নিজেই! 

“ক্লাব ও খেলোয়াড়দের কথা ভেবেছি…ছেলেরা খুবই চাপ নিয়ে খেলে, আমার চলে যাওয়াটাই সবচেয়ে ভালো। আমার যা অবশিষ্ট আছে (জুন পর্যন্ত) আমি তার সবটুকু নিংড়ে দিব।”