১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে আরেক নতুন মুখ

তরুণ এই মিডফিল্ডারকে দলে টানতে বড় অঙ্কের ট্রান্সফার ফি খরচ হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির।

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে আরেক নতুন মুখ
কার্লোস বালেবা। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 12:23 AM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে মিডফিল্ডার কার্লোস বালেবাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্যামেরুনের এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। দলটিতে তিনি খেলবেন ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত। আরও এক বছর মেয়াদ বাড়ানোর শর্তও রাখা হয়েছে চুক্তিতে।

তার ট্রান্সফার ফির বিষয়ে ইউনাইটেডের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর, তাকে কিনতে ক্লাবটির খরচ হয়েছে সাড়ে ছয় কোটি পাউন্ড। বিভিন্ন বোনাসে আরও ৫০ লাখ পাউন্ড যোগ হতে পারে।

আবার সাফল্যের পথে ফিরতে মাঝমাঠ শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। চলতি গ্রীষ্মের দলবদলে আগেই দুই মিডফিল্ডার চুক্তিভুক্ত করেছে তারা; চেলসি থেকে আন্দ্রেই সান্তোস ও অ্যাস্টন ভিলা থেকে ইউরি টিলেমান্সকে।

ইউনাইটেডে যোগ দিতে পেরে গর্বিত বোধ করছেন ২২ বছর বয়সী বালেবা। 

“আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে দারুণ অনুভূতি কাজ করছে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা সবসময়ই দারুণ ব্যাপার, আর সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে আরও বেশি গর্বের।

“(ইউনাইটেডের প্রধান কোচ) মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ শুরু করতে আমার তর সইছে না। তার অভিজ্ঞতা ও খেলাটি সম্পর্কে জ্ঞান তাকে (এখানে) সঠিক কোচ করে তুলেছে, যিনি আমাকে শীর্ষ পর্যায়ে উঠতে সাহায্য করবেন।”

ক্যারিকের কোচিংয়ে গত মৌসুমের দ্বিতীয়ভাগে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে ইউনাইটেড। যদিও এই মৌসুমের শুরুটা ভালো হয়নি তাদের; প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর ম্যাচে তারা ২-০ গোলে হেরে গেছে হাল সিটির বিপক্ষে।