২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোচের সন্ধান রেয়াল ম্যাচের আগে বায়ার্নের ‘মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে না’

হতাশাজনক মৌসুমের শেষটা ভালো করতে প্রত্যয়ী বায়ার্ন মিউনিখের বিদায়ী কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 09:02 PM

Updated : 26 Apr 2024, 09:02 PM

টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছে বায়ার্ন মিউনিখ। দলটির হতাশাজনক মৌসুমে সামনেই চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। তার আগে কোচ খোঁজার বিষয়টি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলে বিশ্বাস টমাস টুখেলের। বায়ার্নের বিদায়ী কোচ বলছেন, মাঠের ফুটবলের বাইরে এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছেন না তারা।  

বায়ার্নের বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গেছে আগেই। কয়েক ম্যাচ বাকি রেখে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগের চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুজেন। 

এই মৌসুমে এখন চ্যাম্পিয়ন্স লিগেই একমাত্র শিরোপা জয়ের সুযোগ আছে বায়ার্নের। পাশাপাশি বুন্ডেসলিগায় দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আছে তারা। 

মৌসুম শেষে টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা মাস দুয়েক আগেই জানিয়ে দেয় বায়ার্ন। সম্প্রতি অস্ট্রিয়া কোচ রাল্ফ রাংনিক জানান, বায়ার্নের সঙ্গে যোগাযোগ হয়েছে তার। টুখেলের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে আরও কয়েক জন কোচের নাম শোনা যাচ্ছে। 

টুখেল শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, এখন কোনোকিছুই তাদের মনোযোগে চিড় ধরাতে পারবে না। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়া। 

 “আগামী ১১ দিন হতে পারে শুধুমাত্র ফুটবলের এবং আমরা এখনও লক্ষ্য অর্জন করতে পারি। (বুন্ডেসলিগায়) সম্ভবপর সেরা অবস্থানে থাকতে পয়েন্ট পেতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছতে চাই আমরা। অনেক সমস্যা থাকা স্বত্বেও এই মুহূর্তে অন্য কোনো ভাবনার সুযোগ নেই, সেটা স্বস্তিদায়ক হোক কিংবা অস্বস্তিকর।” 

বুন্ডেসলিগায় শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়ালের বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ নিয়ে এরই মধ্যে ভাবা শুরু করে দিয়েছেন টুখেল। 

“বলব না যে, আমরা শুধু আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে নিয়ে ভাবছি। রেয়াল মাদ্রিদ ম্যাচ নিয়েও আলোচনা আছে। সকালে যখন আমার কফি পেলাম, তখন লোকেরা ‘আগামীকালের জন্য শুভকামনা’ জানায়নি, তারা ‘মঙ্গলবারের জন্য শুভকামনা’ জানিয়েছে।”