Published : 13 Dec 2025, 08:51 AM
চোটের সঙ্গে যে প্রবল লড়াইয়ে আছে আর্সেনাল, এর মধ্যে দলের পরীক্ষিত কাউকে হারাতে চান না মিকেল আর্তেতা। আগামী জানুয়ারিতে গাব্রিয়েল জেসুসের দল বদলের সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি।
লম্বা সময় মাঠের বাইরে থাকা ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্প্রতি মাঠে ফেরেন। গত বুধবার ক্লাব ব্রুজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব্যবধানে জয়ের পথে ৬২তম মিনিটে বদলি নামেন তিনি।
গত জানুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন জেসুস। হাঁটুর অস্ত্রোপচারের ধকল সামলে ১১ মাস পর ফেরেন তিনি। পুনর্বাসনের কঠিন লড়াইয়ের পর এখন তার সামনে শুরুর একাদশে ফেরার আরেক তীব্র লড়াই।
চোট কাটিয়ে উঠেছেন চলতি মৌসুমে দলে যোগ দেওয়া ভিক্তর ইয়োকেরেস। হাঁটুর চোট কাটিয়ে ফেরার পথে কাই হাভার্টজ। তাদের চোটে আপদকালীন কাজ চালানো মিকেল মেরিনো সেন্টার ফরোয়ার্ড হিসেবে ভালো করেছেন।
আগামী বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে নিয়মিত খেলার বিকল্প নেই জেসুসের সামনে। তাই জানুয়ারিতে তার দল ছাড়া নিয়ে জল্পনা-কল্পনা ডানা মেলতে শুরু করে। শুক্রবার সংবাদ সম্মেলনে সেই আলোচনায় জল ঢেলে দিলেন আর্তেতা।
“না, আমি এমন কিছু বিবেচনা করছি না, বিশেষ করে এখন আমাদের যা পরিস্থিতি। আমি মনে করি, দলকে এখনও গাবির অনেক কিছু দেওয়ার আছে এবং সেটা সে প্রথম মিনিট থেকেই প্রমাণ করেছে। বর্তমান পরিস্থিতিতে আসতে সে কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের সঙ্গে থাকাই তার লক্ষ্য।”
“এটা নিশ্চিত যে, তার মানের একজন খেলোয়াড়, যে আমাদের এত কিছু দিয়েছে এবং যে প্রাণশক্তি নিয়ে খেলে, যেটা সে ওই দিনও করেছে, সে নিশ্চিতভাবেই শুরুর একাদশে খেলার জন্য মরিয়া হবে এবং সেটাকে লক্ষ্য হিসেবে নেবে।
শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আর্তেতার দল আছে শীর্ষে।