ইউনাইটেডকে শিরোপা জয়ের পথ দেখালেন টেন হাগ
চূড়ান্ত সাফল্যের জন্য দলের প্রতি আরও উন্নতির তাগিদ ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কন্ঠে।
দল আছে জয়ের ধারায়, খেলছেও দারুণ। তবে এখনই শিরোপা স্বপ্নে বিভোর হতে চান না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সাফল্য ধরে রেখে তার চোখ আরও উন্নতির দিকে। এই ডাচ কোচ মনে করেন, শিরোপা জেতার মতো জায়গায় যেতে হলে আরও কাজ করতে হবে তাদের।
২০২২-২৩ মৌসুমে লিগে শুরুটা ভালো হয়নি ইউনাইটেডের। প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল তারা।
সবশেষ ওল্ড ট্র্যাফোর্ডে গত রোববার আর্সেনালকে ৩-১ গোলে হারায় টেন হাগের দল। আসরে এই প্রথম হারের তেতো স্বাদ পেল লন্ডনের ক্লাবটি।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। অন্য গোলটি এই ম্যাচ দিয়ে ইউনাইটেডের জার্সিতে অভিষেক হওয়া আন্তোনির।
প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে আসরে শুরুর দুই রাউন্ডে হারের পর টানা চার ম্যাচ জিতল ইউনাইটেড। ২০১১-১২ মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও ২০১৮-১৯ মৌসুমে আর্সেনাল এটি করে দেখিয়েছিল।
নতুন কোচ ও নতুন খেলোয়াড়দের হাত ধরে বদলে যাওয়া ইউনাইটেড স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। ২০১৭ সালের পর থেকে কোনো শিরোপা জিততে পারেনি দলটি। টেন হাগ অবশ্য এখনই এতদূর ভাবতে নারাজ। প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যেতে চান ৫২ বছর বয়সী এই কোচ।
“আমি বুঝতে পারছি যে ভক্তরা স্বপ্ন দেখছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের মান ভালো হতেই হবে। তবে আমরা একটি প্রক্রিয়ার শুরুতে আছি, আমরা এখনও (শিরোপা থেকে) অনেক দূরে আছি।”
“আমরা সবকিছু এখন যেভাবে করছি, তার চেয়ে অনেক ভালোভাবে করতে হবে, এটা একটা বিনিয়োগের মত। আমাদের প্রতিদিন কাজটা একসঙ্গে করতে হবে, ক্যারিংটনেও (ইউনাইটেডের অনুশীলন মাঠ) উঁচু মানদণ্ড দেখাতে হবে। শেষ পর্যন্ত শিরোপা জিততে হলে আমাদের আরও ভালো হয়ে উঠতে হবে।”
গত মৌসুমে লিগে ছয়ে থেকে শেষ করা ইউনাইটেডের বড় একটি সমস্যা ছিল চাপের মুখে ভেঙ্গে পড়া। তবে আর্সেনালের বিপক্ষে দেখা গেল তাদের ভিন্ন রুপে। ৩৫তম মিনিটে আন্তোনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন বুকায়ো সাকা। এতে দমে না গিয়ে নতুন উদ্যমে খেলে র্যাশফোর্ডের জোড়া গোলে তারা নিশ্চিত করে পূর্ণ পয়েন্ট।
দলের এই লড়াকু মানসিকতায় মুগ্ধ টেন হাগ। সাবেক আয়াক্স কোচ মনে করেন, সামনের পথচলায় এভাবেই চাপকে জয় করতে হবে তাদের।
"এই দলের শক্তির জায়গা হলো তারা ধাক্কা সামলাতে পারে, এটি সত্যিই দুর্দান্ত এবং দলের মানসিকতার দিকটিও ফুটে উঠছে - আমরা এই জায়গায় সত্যিই উন্নতি করেছি।”
“আমাদের সঠিক মানসিকতা রয়েছে আর এখন প্রয়োজন একে ওপরকে সাহায্য করার। আমাদের চাপ মোকাবেলা করার সঙ্গে সঙ্গে উন্নতিও করতে হবে - আমাদের শান্ত থাকতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে এবং নিজেদের খেলাটা খেলতে হবে।”
দারুণ এই জয়ের ম্যাচেও দলের খেলায় কিছু অসঙ্গতি চোখে পড়েছে টেন হাগের। তার মতে, শুরুটা যেমন ভালো হয়েছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আর ধরে রাখতে পারেননি তারা।
“আমি মনে করি প্রথম ১০ মিনিটে আমরা এই মৌসুমে এখন পর্যন্ত নিজেদের সেরা খেলাটা খেলেছি। কিন্তু (আর্সেনাল) সমতা টানার পর আমরা শুরুর মান ধরে রাখতে পারিনি।”
“আমাদের একটি ভালো পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের যখন সবকিছু নিয়ন্ত্রণ করা উচিত ছিল, তখন আমরা তা পারিনি। আমরা ধাক্কা খেয়ে লড়াই করে ফিরে এসেছি, এটা দেখে ভালো লেগেছে। আমি এই মানসিকতাই পছন্দ করি।”
লিগে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে আছে ইউনাইটেড। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
সমান ১৪ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, টটেনহ্যাম হটস্পার তিনে। ১ পয়েন্ট কম নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।
