পরের ম্যাচে ভিনিসিউসকে পাবে না রেয়াল মাদ্রিদ
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা আছে কিছুটা।
সেল্তা ভিগোর বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া ভিনিসিউস জুনিয়রকে লা লিগায় পরের ম্যাচেও পাবে না রেয়াল মাদ্রিদ। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটায় তার খেলা নিয়ে আছে কিছুটা শঙ্কা। তবে এই উইঙ্গারের চোট খুব গুরুতর কিছু নয় বলেই জানালেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচের অষ্টাদশ মিনিটেই পায়ের পেশির চোটে মাঠ ছাড়েন ভিনিসিউস। ক্যারিয়ারে প্রথমবার এই ধরনের চোট পেলেন ২৩ বছর বয়সী ফুটবলার।
পরের ম্যাচে আগামী শনিবার গেতাফের বিপক্ষে মাঠে নামবে রেয়াল। ওই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিউস। এরপরই আন্তর্জাতিক বিরতি বলে রেয়ালের দুর্ভাবনা কম। তবে সেখানেই দুশ্চিন্তার অবকাশ আছে ব্রাজিলের জন্য। আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শুরু করবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চার দিন পরই তারা খেলবে পেরুর বিপক্ষে।
সেল্তার বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি যদিও জানালেন, থিবো কোর্তোয়া ও এদের মিলিতাওয়ের মতো গুরুতর কোনো চোট নেই ভিনিসিউসের।
“ভিনিসিউসের পায়ের পেশিতে একটু অস্বস্তি আছে। আমার মনে হয় না তা গুরুতর কিছু। বাজে কিছু নয় বলেই সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। তবে এটা তাকে কিছুটা ভোগাচ্ছিল এবং এজন্যই তাকে তুলে নেই আমরা। গেতাফের বিপক্ষে সে খেলতে পারবে না, তবে আন্তর্জাতিক বিরতির সময়টায় সে সেরে উঠবে।”
রেয়ালের জন্য অবশ্য ভিনিসিউসকে এক ম্যাচের জন্য হারানোও একটা ধাক্কা। দলের অবিচ্ছেদ্দ্য অংশ এই প্রতিভাবান ফুটবলার। গত মৌসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮টি গোল করেছেন তিনি, গোলে সহায়তা করেছেন ১৯টি।
সেল্তার মাঠে এই ম্যাচে রদ্রিগো পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত জুড বেলিংহ্যামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল। লিগ শিরোপা পুনরুদ্ধারের চেষ্টায় শুরুর করল তারা টানা তিন জয় দিয়ে। এই তিন ম্যাচে চার গোল করে প্রতিটিতেই ম্যান অব দা ম্যাচ দলে নতুন যোগ দেওয়া বেলিংহ্যাম।
তবে কারিম বেনজেমার চলে যাওয়া, কোর্তোয়া, মিলিতাওয়ের পর এবার ভিনিসিউসের চোট, সব মিলিয়ে পুরোনো প্রশ্নটি আবার ছুটে গেল আনচেলত্তির দিকে, ‘দলে নতুন কাউকে কি যোগ করা হবে?’ রেয়াল মাদ্রিদ কোচের উত্তর আগের মতোই।
“আমাদের স্কোয়াড পরিপূর্ণ। আক্রমণভাবে নতুন কাউকে দরকার নেই আমাদের। কারিমকে ছাড়াই তিন ম্যাচে ছয় গোল করেছি আমরা। ভিনিকে ছাড়া? আমাদের বিকল্প আছে।"
"আমারে স্কোয়াডে ঘাটতি নেই। যদি কোর্তোয়া, মিলিতাও, কারিম, ভিনিসিউসকে ছাড়া আমরা জিতে পারি, এর মানে এই স্কোয়াড যথেষ্টই ভালো, এগিয়ে যাওয়ার জন্য। তারা ভালো করছে।”
