২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের বিপক্ষে মালদ্বীপের হারে সেমিতে যেতে বাংলাদেশের চাই ১ পয়েন্ট

ভুটানের বিপক্ষে ড্র করলেই ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠবে বাংলাদেশ।

বেঙ্গালুরু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 06:24 PM

Updated : 28 Jun 2023, 06:27 PM

শক্তিশালী লেবাননের বিপক্ষে পেরে ওঠেনি মালদ্বীপ। হেরেই গেছে তারা। মালদ্বীপের হারে সেমি-ফাইনালে ওঠার সমীকরণও সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। ভুটানের বিপক্ষে ড্র করলেই ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠবে হাভিয়ের কাবরেরার দল। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার লেবাননের কাছে ১-০ গোলে হারে মালদ্বীপ। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠে লেবানন।

তিন ম্যাচে দুই হার ও এক জয়ে বর্তমানে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩, পয়েন্টের খাতা এখনও খেলা হয়নি ভুটানের, এই দুই দল বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। 

মালদ্বীপের হারে এখন ভুটানের বিপক্ষে ড্র করলেই সেমি-ফাইনালের টিকেট পাবে বাংলাদেশ। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট হবে ৪।

যদি বাংলাদেশ হেরেও যায়, তাহলেও সুযোগ থাকবে। তখন বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটানের পয়েন্ট হবে সমান ৩ করে। পয়েন্ট ও হেড টু হেড সমান হওয়ায় তিন দলের গোল পার্থক্যের হিসেব আসবে বিবেচনায়। গোল পার্থক্যে বর্তমান অবস্থান বাংলাদেশ +২, মালদ্বীপ ০ এবং ভুটান -২। অর্থাৎ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও তিন দলের মধ্যে গোল পার্থক‍্যে টিকে যাবে বাংলাদেশ। কিন্তু ২-০ গোলে হারলে গ্রুপে গোল পার্থক‍্যে এগিয়ে থাকায় শেষ চারে যাবে মালদ্বীপ। আবার বাংলাদেশকে ৩-০ গোলে হারালে লেবাননের সঙ্গী হবে ভুটান।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে বাংলাদেশ প্রথম ও সবশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে। সবশেষ ফাইনালে খেলেছিল ২০০৫ সালে। ২০০৯ সালে সবশেষ সেমি-ফাইনাল খেলে দল।