চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা ভিনিসিউস
আসরের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেয়াল মাদ্রিদের আরেক তারকা জুড বেলিংহ্যাম।
এই মৌসুমে রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান রাখা ভিনিসিউস জুনিয়র পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ২০২৩-২৪ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যাম। উয়েফা সোমবার নিজেদের ওয়েবসাইটে সেরাদের নাম প্রকাশ করেছে। উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষক প্যানেল সেরাদের নির্বাচন করেছে।
ওয়েম্বলির ফাইনালে গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা ঘরে তোলে প্রতিযোগিতাটির সফলতম দল রেয়াল।
ফাইনালে একটিসহ আসরে ১০ ম্যাচ খেলে ৬ গোল করেন ভিনিসিউস। এছাড়া অ্যাসিস্ট করেন তিনি ৫টি। গত আসরে ৭ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ছিল ৫টি।
চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই আসরে অন্তত ৫টি করে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। প্রথমজন লুইস ফিগো- ১৯৯৯-০০ মৌসুমে বার্সেলোনার হয়ে (৫ গোল, ৯ অ্যাসিস্ট) ও ২০০০-০১ মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে (৫ গোল, ৭ অ্যাসিস্ট)।
রেয়ালে অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ৪টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার বেলিংহ্যাম।
মৌসুমের সেরা গোলও নির্বাচিত হয়েছে রেয়াল মাদ্রিদের, ফেদে ভালভের্দের একটি গোল। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম স্পর্শে ভলিতে গোলটি করে ৩-৩ সমতা টানেন তিনি। ওই গোলে সহায়তা করেন ভিনিসিউস।
