এমবাপে-বিতর্কে পিএসজিকে সাবধান করে দিল ফ্রান্সের ফুটবলারদের সংস্থা
এমবাপেকে চাপে রাখায় পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি জানিয়ে রাখল ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্স।
প্রাক-মৌসুম এশিয়া সফরের দল থেকে কিলিয়ান এমবাপেকে বাইরে রাখায় ও সিদ্ধান্ত নিতে তাকে চাপে রাখায় পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রাখল ফ্রান্সের ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্স (ইউএনএফপি)। ফ্রান্সের পেশাদার ফুটবলারদের এই সংস্থার স্পষ্ট বার্তা, দেশের আইন অনুযায়ীই কর্মীর জন্য সহায়ক পরিবেশ তৈরি করার দায়িত্ব প্রতিটি প্রতিষ্ঠানের।
এমবাপের সঙ্গে পিএসজির সম্পর্কের অবনতি ক্রমে ফুটে উঠছে কিছুদিন ধরেই। লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি নন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি ট্রান্সফারে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলেও খবর বিভিন্ন সংবাদমাধ্যমের। তবে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এত বড় তারকাকে কোনোভাবেই বিনামূ্ল্যে ছেড়ে দেবেন না তারা।
সিদ্ধান্ত নিতে এমবাপেকে ক্লাব থেকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছিল বলেও খবর এসেছে গণমাধ্যমে। এখন ফরাসি সংবাদমাধ্যমের খবর, এমবাপেকে বিক্রি করে দিতে চায় পিএসজি। এশিয়া সফর থেকে তাকে বাইরে রাখাকে মনে করা হচ্ছে এই প্রক্রিয়ারই অংশ।
এসব ঘটনাপ্রবাহের প্রেক্ষিতেই শনিবার দীর্ঘ এক বিবৃতিতে পিএসজিক সতর্ক করে দেয় ইউএনএফপি।
“অন্য সব পেশাদার কর্মীদের মতো সব খেলোয়াড়েরও একইরকম কাজের পরিবেশ প্রাপ্য। ইউএনএফপি অনুভব করছে, সব ম্যানেজারকে এটা মনে করিয়ে দিতে হবে যে, কাজের পরিবেশকে বাধাগ্রস্থ করে কোনো কর্মীকে চাপে রাখা- উদাহরণস্বরূপ, নিয়োগ কর্তার চাওয়া অনুযায়ী কর্মীকে কোনো কিছুতে রাজি হতে বা ছাড়তে বাধ্য করা- এসব কাজ নৈতিক হয়রানির মধ্যে পড়ে এবং ফরাসি আইনে তা গভীরভাবে নিন্দনীয়।”
“কাজেই, হ্যাঁ, কোনো ক্লাব এই ধরনের আচরণ করলে, ইউএনএফপির অধিকার আছে তাদের বিরুন্ধে নাগরিক ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার।”
ফ্রান্সের লিগ ওয়ানে গত ৫ বছরের সর্বোচ্চ স্কোরার এমবাপে। গত মৌসুমেও দলবদলের সময়ে তাকে নিয়ে নাটক কম হয়নি। রিয়ালে তিনি যোগ দেবেন বলে ধরেই নেওয়া হয়েছিল তখন। কিন্তু শেষ সময়ে নাটকীয় পালাবদলে তিনি রয়ে যান প্যারিসেই। তবে এবার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে ক্রমেই।
গত ১১ মৌসুমের মধ্যে ৯টিতেই লিগ শিরোপা জিতেছে পিএসজি। তবে ঘরোয়ার সাফল্যকে তারা ইউরোপিয়ান সাফল্যের দুয়ারে নিতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন তাদের পূরণ হয়নি এখনও। এমবাপের সঙ্গে লিওনেল মেসি, নেইমারদের মতো তারকাদের নিয়েও গত দুই মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে তাদের পথচলা থেমে গেছে শেষ ষোলোতেই।
