ফ্রান্সের পতাকার তিন রংয়ের ‘মাস্ক’ পরতে পারবেন না এমবাপে
উয়েফার নিয়ম অনুযায়ী এক রঙের মাস্ক হতে হবে, সেখানে এমবাপের মাস্কে ফ্রান্সের পতাকার তিন রঙের উপস্থিতি রয়েছে।
ভাঙা নাক পুরোপুরি সেরে না ওঠায় নিরাপত্তার কারণে মাস্ক পরে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে চান কিলিয়ান এমবাপে। যে মাস্ক তিনি পরতে চান, সেটি ফ্রান্সের পতাকার আদলে বানানো। বিপত্তির কারণ সেখানেই। উয়েফার নিয়মের কারণে ওই মাস্ক পরতে পারবেন না এই ফরাসি ফরোয়ার্ড।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড় কেভিনের সাথে সংঘর্ষে নাকে চোট পান এমবাপে। ফ্রান্সের পক্ষ থেকে পরে জানানো হয়, নাক ভেঙেছে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।
এই অবস্থাতেই দলের সঙ্গে গত দুই দিন হালকা অনুশীলন করেছেন এমবাপে। প্রস্তুতির সময় ফ্রান্সের পতাকার রঙের মাস্ক পরতে দেখা গেছে তাকে। নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার এই মাস্ক পরে তার খেলার ভাবনা ছিল। দলটির কোচ দিদিয়ে দেশমও দিয়েছিলেন তেমনই ইঙ্গিত।
কিন্তু ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী মেডিকেল ইস্যুর কারণে খেলোয়াড়দের যদি মাস্ক পরে মাঠে নামতেই হয়, তাহলে সেটি অবশ্যই এক রঙের হতে হবে।
এমবাপের মাস্কের যে ছবি গণমাধ্যমে এসেছে, সেখানে মাস্কের উপর আছে ফ্রান্সের পতাকার ছাপ, তিন রঙের উপস্থিতি। রঙের বাধ্যবাদকতার কারণে তাই তিনি ওই মাস্ক পরে মাঠে নামতে পারবেন না।
এই নিয়মের বাইরে যাওয়ার সুযোগ অবশ্য আছে। তবে সেটা ‘বিশেষ ব্যতীক্রম’ বিবেচনায়। উয়েফা সে সুযোগ এমবাপেকে দেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
