Published : 23 Jun 2023, 10:02 PM
নতুন মৌসুমকে সামনে রেখে শক্তি বাড়াল বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রাফায়েল গেরেইরোকে দলে টেনেছে জার্মান চ্যাম্পিয়নরা।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার বিষয়টি জানায় বায়ার্ন। ২০২৬ সাল পর্যন্ত পর্তুগিজ এই লেফট-ব্যাকের সঙ্গে চুক্তি করেছে বুন্ডেসলিগার ক্লাবটি।
২০১৬ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব লরিয়ঁ থেকে ডর্টমুন্ডে যোগ দেন ২৯ বছর বয়সী গেরেইরো। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি মাসের শেষ পর্যন্ত। চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন ক্লাবে যোগ দিলেন তিনি।
মূলত লেফট-ব্যাক হলেও মিডফিল্ডে খেলতে পারেন গেরেইরো। ডর্টমুন্ডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪০টি গোলের পাশাপাশি নামের পাশে রয়েছে ৫০টি অ্যাসিস্টও।
ডর্টমুন্ডের হয়ে দুটি জার্মান কাপ ও একটি জার্মান সুপার কাপ জিতেছেন গেরেইরো। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন গেরেইরো।