২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সেলোনাকে কোথায় আঘাত করতে হবে, আমরা জানি’

তিন দিন আগে চেলসির মাঠে বিপর্যস্ত হান্সি ফ্লিকের দলের জন্য এবার সবকিছু কঠিন করে তোলার হুঙ্কার দিলেন কার্লেস আলেনা।

‘বার্সেলোনাকে কোথায় আঘাত করতে হবে, আমরা জানি’
আলাভেসের সতীর্থদের সঙ্গে কার্লেস আলেনা। ছবি: আলেনার ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ঘরোয়া লিগে সময়টা বেশ ভালোই যাচ্ছে বার্সেলোনার; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যাত্রাটা ঠিক সুখকর হচ্ছে না। বিশেষ করে, সবশেষ ম্যাচে চেলসির বিপক্ষে তাদের রক্ষণভাগের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। হান্সি ফ্লিকের দলের জন্য এবার সবকিছু আরও কঠিন করে তোলার হুঙ্কার দিলেন আলাভেসের মিডফিল্ডার কার্লেস আলেনা।

স্প্যানিশ এই মিডফিল্ডারের ক্যারিয়ারের শুরুটা বার্সেলোনাতেই। ক্লাবটির যুব দল হয়ে জায়গা করে নেন মূল দলে। যদিও সেখানে কখনোই জায়গা পাকা করতে পারেননি তিনি। এরপর বিভিন্ন দল হয়ে গত ফেব্রুয়ারিতে প্রথমে ধারে এবং পরে জুলাইয়ে চার বছরের চুক্তিতে আলাভেসে নাম লেখান ২৭ বছর বয়সী এই ফুটবলার।

এবার আলাভেসের জার্সিতে প্রথমবার প্রতিপক্ষ হিসেবে কাম্প নউয়ে যাচ্ছেন আলেনা। বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায় মাঠে গড়াবে লা লিগার ম্যাচটি।

শক্তির বিচারে দুই দলের মধ্যে পার্থক্য অনেক। এবারের লিগ টেবিলেও ব্যবধানটা স্পষ্ট। ১৩ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা, শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আলাভেস।

তাই স্কোয়াডের সামর্থ্য কিংবা পরিসংখ্যানের আলোয় আসছে ম্যাচেই পরিষ্কার ফেভারিট বার্সেলোনা। স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে শুরুতে আলেনাও তেমন কথাই বললেন।

“আমি সবসময়ই ভাবি, কাম্প নউয়ে খেলতে যাওয়ার জন্য আসলে ভালো সময় বলতে কিছু নেই। আমার মতে, এই মৌসুমেও তাদের দারুণ সময় কাটছে। হ্যাঁ, তারা কিছু ম্যাচে হোঁচট খেয়েছে; কিন্তু এখনও তারা সেই আগের দলই, একই লক্ষ্য, একই কোচ।”

২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে লা লিগা শিরোপা জেতান কোচ হান্সি ফ্লিক। এবারও মৌসুমে প্রত্যাশিত শুরু করে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে গত দুই রাউন্ডে পায়নি জয়ের দেখা; ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর চেলসির মাঠে হেরেছে ৩-০ গোলে। 

ইউরোপ সেরার মঞ্চে পাঁচ ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৮ নম্বরে। প্রতিপক্ষের এমন ছন্দপতনে যেমন নিজেদের জন্য আশার আলো দেখছেন আলেনা, তেমনি আবার বাড়তি সতর্ক থাকার প্রয়োজনও অনুভব করছেন।

“খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তারা তাদের পরিস্থিতি বদলাতে চাইবে। তবে বার্সা কোন জায়গায় ভুগছে, তাদেরকে কোথায় আঘাত করা যাবে, আমরাও সেটা লক্ষ্য করেছি এবং আমরা তাদের জন্য সবকিছু কঠিন করে তুলব।”

“এমন একটা দলকে আঘাত করতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের ফাঁকা জায়গা খুঁজতে হবে, তাতে বল পায়ে থাকা অবস্থায়ও যেন তারা স্বস্তিতে না থাকে। তাদের অর্ধে খেলার মতো, বল দখলে নেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে।”