১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এখন এসব পাত্তা দিই না’, সমর্থকদের দুয়ো নিয়ে চুয়ামেনি

ওই তেতো অভিজ্ঞতাগুলোই তাকে মানসিকভাবে আরও শক্ত হতে সাহায্য করেছে বলে জানালেন রেয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার।

‘এখন এসব পাত্তা দিই না’, সমর্থকদের দুয়ো নিয়ে চুয়ামেনি
অহেলিয়া চুয়ামেনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 08:13 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার ঘটনা রেয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য নতুন নয়। চলতি মৌসুমে যেমন বেশ কবারই এই তেতো অভিজ্ঞতা হয়েছে ভিনিসিউস জুনিয়রের। গত বছর ঘরের মাঠে এমন কিছুর মধ্য দিয়ে যাওয়ার স্মৃতি স্মরণ করে দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি বললেন, এখন আর এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে শুধু নিজের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দেন তিনি। 

২০২২ সালের জুনে মোনাকো থেকে রেয়াল মাদ্রিদে যোগ দেন চুয়ামেনি। গত বছর সান্তিয়াগো বের্নাবেউয়ে সমর্থকদের দুয়ো শোনার পর অভিজ্ঞতার কথা ‘পিভট পডকাস্ট’-এ বললেন ২৬ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার। 

“আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল। প্রথম ১০-২০ মিনিটে আমি যখনই বল স্পর্শ করতাম, স্টেডিয়ামের সবাই শিস দিত। এই পরিস্থিতি হয় আপনার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দিবে, অথবা আপনি ভাবতে পারেন যে, ‘এটাই তো নিয়ম’, দেখা যাক আমি কী নিয়ন্ত্রণ করতে পারি এবং একমাত্র যে বিষয়টি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তা হলো আমার পারফরম্যান্স। রেয়াল মাদ্রিদে চাপের মাত্রাটা অন্যরকম। যা-ই করুন না কেন, তা নিয়ে মানুষ কথা বলবেই, সেটা ভালো হোক বা খারাপ।”

ওই তেতো অভিজ্ঞতাগুলোই তাকে মানসিকভাবে আরও শক্ত হতে সাহায্য করেছে, বললেন চুয়ামেনি।

“সবাই আমাকে নিয়ে, আমার খেলার ধরন নিয়ে কথা বলছিল। এক-দুই বছর আগেও আমি যেন একজন বাজে খেলোয়াড় ছিলাম, স্টেডিয়ামে আমাকে নিয়ে দুয়ো ও শিস দেওয়া হতো, তাই আমার মনে হয়, আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং এটা আমাকে মানসিকভাবে (শক্ত হতে) অবশ্যই সাহায্য করেছে। এখন জানি যে, আমি যাই করি না কেন, মানুষ কথা বলবেই, তাই আমি এসব পাত্তা দিই না।”