‘এই ছেলেটা সারাজীবন গোল করবে’
ইয়াং বয়েজের বিপক্ষে জোড়া গোল করা আর্লি হলান্ডকে নিয়ে আবারও মুগ্ধতার কথা বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
‘গোলমেশিন’ আর্লিং হলান্ড কি-না চ্যাম্পিয়ন্স লিগে ভুগছিলেন ‘গোল খরায়!’ ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচে জোড়া গোলে সে বৃত্ত ভাঙলেন তিনি। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও আরও একবার নরওয়ের এই স্ট্রাইকারের প্রশংসায় হলেন পঞ্চমুখ।
চ্যাম্পিয়ন্স লিগের বুধবার রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারায় সিটি। মানুয়েল আকনজি শুরুতে দলকে এগিয়ে নিয়েছিলেন। ইয়াং বয়েজ সমতা ফেরানোর পর জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন হলান্ড।
ইউরোপ সেরার আসরে ছয় ম্যাচের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন হলান্ড। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের পর ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ।
টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় বরাবরের মতোই হলান্ড নিয়ে মুগ্ধতা জানান গুয়ার্দিওলা। এই স্প্যানিশ কোচের বিশ্বাস, ফুটবল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত সমালোচকদের মুখে ছাই দিয়ে গোল করে যাবেন হলান্ড।
“মানুষ চায় প্রতি ম্যাচেই হলান্ড চার গোল করুক। তারা চায় সে ব্যর্থ হোক, তারা প্রত্যাশা করে সে না পারুক, কিন্তু আমি দুঃখিত (তাদের জন্য), এই ছেলেটা সারাজীবন গোল করবে।”
“(প্রতিপক্ষের জন্য) সে অবিশ্বাস্য এক হুমকি। কিন্তু আমরা সেই খেলোয়াড়দের অভাব মাঝেমধ্যে অনুভব করি, যারা পাস খুঁজে নিতে সমর্থ, উদাহরণ হিসেবে বলা যায় কেভিন ডে ব্রুইনের টেম্পো এবং অতীতে সিটির হয়ে খেলা ইলকাই গিনদোয়ানের কথা-এই ধরণের খেলোয়াড়দের মিস করি। কিন্তু হলান্ড যতদিন ফুটবল খেলবে, শেষ দিন পর্যন্ত সে গোল করবে।”
আকনজি, হলান্ডের নৈপুণ্যে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি। তবে ফল নিয়ে সন্তুষ্ট হলেও ইয়াং বয়েজের বিপক্ষে দলের প্রথমার্ধের খেলা নিয়ে একটু হতাশাও আছে গুয়ার্দিওলার।
“এটা ব্যতিক্রমী একটা ম্যাচ ছিল এবং আমরা আসলেই ভালো খেললাম। প্রথমার্ধে অবশ্য আমরা কমতি ছিল; ইয়াং বয়েজ শক্তিনির্ভর খেলেছে, এক বনাম এক পরিস্থিতিতে আরও বেশি আগ্রাসী ছিল তারা।”
“তবে যেভাবে আমরা খেলেছি, আমি সত্যিই খুশি এবং গাণিতিকভাবে আমাদের আরেকটা ম্যাচ দরকার নকআউট পর্বে উঠতে, কিন্তু এরপরও দুই ম্যাচ থাকবে সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করতে।”
